শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া চা বাগান এলাকার সীমান্তবর্তী পথে অবৈধভাবে ভারতীয় পণ্য ও মাদক প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে ফিনলে টি কোম্পানির দুই নৈশপ্রহরীসহ স্থানীয় এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিপরাছড়া চা বাগানের সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় বিভিন্ন পণ্য ও মাদক বাংলাদেশে প্রবেশ করে আসছে। গত ৯ আগস্ট রাত প্রায় ১১টার দিকে চোরাচালান কার্যক্রমে বাধা দেওয়াকে কেন্দ্র করে কথিত ভারতীয় পণ্য চোরাচালান ও মাদক ব্যবসায়ী ফটিক মিয়া ও তার সহযোগীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় চা বাগানের নৈশপ্রহরী কাওছার মিয়া (৫০) ও মাহমুদ মিয়া (২৫)-এর ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। তাদের চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে গেলে স্থানীয় হুগলিয়া গ্রামের বাসিন্দা নজু মিয়া (৪৫)-কেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা নজু মিয়ার হাত-পা ভেঙে দেয় এবং এক চোখে আঘাত করে তার দৃষ্টিশক্তি নষ্ট করার চেষ্টা করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় চা শ্রমিক ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত নৈশপ্রহরীরা জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও ভারতীয় পণ্য প্রবেশে তারা প্রায়ই বাধা দিতেন। এতে চোরাচালান চক্র ক্ষুব্ধ ছিল। ঘটনার দিনও তারা একইভাবে বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়।
স্থানীয়দের অভিযোগ, ফটিক মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি সীমান্ত এলাকায় সক্রিয় একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থেকে দীর্ঘদিন ধরে মাদক ও ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশে সহযোগিতা করে আসছেন বলে দাবি করেন তারা।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আহত নজু মিয়ার বড় ভাই ইকবাল মিয়া বাদী হয়ে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক 




























