শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর উপর আক্রমনের প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় শ্রীমঙ্গল সাগরদীঘি সড়কে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকারী সভাপতি সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন।
এ সময় বক্তব্যদেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আরটিভি ও দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, নিউ ন্যাশন এর শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহিম, দৈনিক বাংলার দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি রাসেল আহমদ, বাংলাটিভির শ্রীমঙ্গল প্রতিনিধি বর্ণ চক্রবর্তীসহ অনান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে একটি অনুষ্ঠান মঞ্চে নির্বাহী ম্যাজিস্টেটের সামনে একজন সিনিয়র সাংবাদিকের উপর হামলা করতে যাওয়া একটি ন্যাক্কারজনক ঘটনা। এটি আইন শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করে। তারা দোষী ব্যাক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।
একই সাথে আমির আলী নামে একটি ফেইসবুক আইডি থেকে সাংবাদিক বিকুল চক্রবর্তীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট পোষ্ট দিয়ে তার সম্মানহানী করায় সাংবাদিকরা আমির আলীকে গ্রেপ্তারের দাবী জানান।
উল্লেখ্য গত শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল সবুজবাগ দোল পূর্ণিমা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যান শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী। এ সময় বিশেষ অতিথি শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিবুল্লাহ আকন্দ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনালকান্তি দাশ তাপস, স্থানীয় ইউ/পি সদস্য ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক পিয়াস দাশসহ অনান্য অতিথির সাথে মঞ্চে যান সাংবাদিক বিকুল চক্রবর্তীও।
অনুষ্ঠান চলাকালে বিশেষ অতিথি শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশিনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিবুল্লাহ আকন্দ যখন বক্তব্য দিচ্ছিলেন এ সময় শ্রীমঙ্গল সবুজবাগ এলাকার সুব্রত চক্রবর্তী সাংবাদিক বিকুল চক্রবর্তী আওয়ামীলীগের দালাল ও আমাদের বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করছে বলে তার উপর আক্রমন করতে যায়। তাৎক্ষনিক মঞ্চে থাকা ইউ/পি সদস্য পিয়াস দাশ তাকে ঝাঁপটে ধরে তাকে আক্রমনের হাত থেকে রক্ষা করেন। পরে সুব্রতকে ঘাড় ধরে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেন তিনি। পরবর্তীতে যখন ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী তখন সে পুনরায় মঞ্চে আক্রমন করতে আসে। আবারো পিয়াস দাশসহ অনান্যরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করেদেন। পরবর্তিতে শ্মশানঘাটের রাস্তার উপর দলবল নিয়ে সুব্রত আবারো বিকুল চক্রবর্তীর উপর আক্রমন করে। এ সময় আশে পাশের লোকজন এগিয়ে এলে সুব্রত ও তার দল নিয়ে পালিয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক 























