অনলাইন ডেস্ক: দীর্ঘ দিনের আড়াল ভেঙে অবশেষে মেয়ে রাহাকে প্রকাশ্যে আনলেন বলিউড দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সোমবার কাপুর পরিবারের সাথে বড়দিনের মধ্যাহ্নভোজে রাহাকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে আসেন এই দম্পতি।
প্রথমবারের মতো রাহার মুখ দেখল পাপারাৎজিরা ও ভক্ত অনুরাগীরা। বেশিরভাগ অনুরাগীর মতে, রাহা দেখতে রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের মতো হয়েছে। লাল মখমল জুতা পায়ে সাদা এবং গোলাপী পোশাকে বেবিডলের মতোই দেখাচ্ছিল রণবীর কন্যাকে। আলিয়া ফুলের প্রিন্টের কালো পোশাক পরেছিলেন এবং রণবীর গাঢ় জিন্সের সাথে একটি কালো জ্যাকেট পরেছিলেন।
রাহাকে ক্যামেরার সামনে হাজির করে পোজ দেন রণবীর-আলিয়া দম্পতি। উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। পরিণতি পায় তাদের পাঁচ বছরের প্রেম সম্পর্ক। বিয়ের দেড় মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অভিনেত্রী। ৬ই নভেম্বর আলিয়ার কোল আলো করে আসে রাহা। গত মাসেই এক বছর পূর্ণ করেছে রাহা। এক বছর এক মাস বয়স হতেই মেয়েকে ক্যামেরার সামনে আনলেন তারকা দম্পতি।

নিজস্ব প্রতিবেদক 



























