ডেস্ক রিপোর্ট : চোটের সঙ্গে লড়লেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনোজকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ইউরো চ্যাম্পিয়নরা।
১৮ বছর বয়সী ইয়ামাল কুঁচকির সমস্যার সঙ্গে লড়ছেন। এ ছাড়া গত এপ্রিলে হ্যামস্ট্রিংয়ে চোট পান স্প্যানিশ এই উইঙ্গার।
অন্যদিকে উইলিয়ামস ও মুনোজও চোট কাটিয়ে ফেরার প্রক্রিয়ায় আছেন।
চোট থেকে সেরে ওঠার কাজ চালিয়ে যেতে রোববার স্পেনের টেনেসির চ্যাটানুগা ট্রেনিং বেসেই থেকে যান এই তিন ফুটবলার।
সোমবার পেরুর বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে দলের সঙ্গে যাননি তারা।
সংবাদমাধ্যমকে দে লা ফুয়েন্তে বলেন, ‘আগামী কয়েক দিনে কোনো ধাক্কা না এলে আমরা আশা করছি, ১৫ তারিখে তারা খেলার জন্য প্রস্তুত থাকবে।
’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, তিনজনই খেলার মতো অবস্থায় থাকবে।’
তবে কেপ ভার্দের বিপক্ষে শুরু থেকেই এই তিনজনকে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে কিছুটা সতর্ক ছিলেন স্পেন কোচ।
দে লা ফুয়েন্তে বলেন, ‘১৫ জুন ভালো অবস্থায় পৌঁছানোর জন্য তিনজনই প্রত্যাশিত সময়সীমার মধ্যেই আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেই সময়সীমা মেনে এগোনো হচ্ছে এবং সেটি অব্যাহত থাকবে। যাতে তারা আমাদের সঙ্গে থাকতে পারে এবং ম্যাচের কোনো এক পর্যায়ে নির্বাচনের জন্য প্রস্তুত থাকে।’
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পুয়েবলায় পেরুর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। এরপর আটলান্টায় যাবে তারা, যেখানে কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে দে লা ফুয়েন্তের দল।
পেরুর বিপক্ষে ম্যাচটিকে শুধু প্রস্তুতি হিসেবে দেখছেন না স্পেন কোচ। তিনি বলেন, ‘আমাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা এটিকে শুধু প্রস্তুতি ম্যাচ হিসেবে নিচ্ছি না।’
ইউরো ২০২৪ জয়ের পর বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবেই যাচ্ছে স্পেন। প্রত্যাশার চাপকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন ফরোয়ার্ড ইয়েরেমি পিনো।
তিনি বলেন, ‘ফেবারিট তকমা স্বাভাবিক। আমাদের কয়েক বছর খুব ভালো কেটেছে এবং আমরা এটি অনেক গর্বের সঙ্গে বহন করছি।’
চাপকে ইতিবাচকভাবেই দেখছেন পিনো। তার ভাষায়, ‘চাপ আমাদের খারাপ খেলতে বাধ্য করার কথা নয়। বরং এটি আমাদের আরও উন্নতি করতে এবং আরও ভালো খেলতে সহায়তা করা উচিত।’

নিজস্ব প্রতিবেদক 

























