ডেস্ক রিপোর্ট :: আগামী ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
এ কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং ধাপে ধাপে এটি দেশব্যাপী বাস্তবায়ন করা হবে।
অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
এ ছাড়া প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক 























