ডেস্ক রিপোর্ট : জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যদি আপিল করার সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের ব্যবস্থা বা শুনানি হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকরা শেখ হাসিনার ফেরা বা প্রত্যর্পণের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিষয়ে ওই দেশের (ভারত) সাথে যে চুক্তিটা আছে, আমরা সেটা অবশ্যই ফিরিয়ে আনব।
শেখ হাসিনার কথা বললেন- যারা ফিরে আসতে চায়, আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্র্যাডিশন চুক্তি অনুসারে অন্তর্বর্তী সরকারের সময়ও পত্র দেওয়া হয়েছে। ভারত সরকারকে আমরা তাগাদা দিচ্ছি।
তিনি আরও বলেন, আমরা তাকে (শেখ হাসিনাকে) ফেরত চাই এবং বিচারের মুখোমুখি করতে চাই। ইতোমধ্যে তিনি যেহেতু সাজাপ্রাপ্ত হয়েছেন আদালত থেকে, তার আদেশ হয়েছে কি না সেটা আইন-আদালত বলবে।
তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। তার যদি আপিল করার সুযোগ থাকে, সেটা আইন আদালত বুঝবে। তখন আপিলের ব্যবস্থা বা আপিল শুনানি হবে। আর এই যে অভ্যুত্থানের ঘটনা আমরা দেখছি, সেটার সাথে কীভাবে দেখছেন জানি না, আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই।

নিজস্ব প্রতিবেদক 






















