ডেস্ক রিপোর্ট : জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তার জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ, তহবিল এবং প্রযুক্তি হস্তান্তরের দাবি জোরালোভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম।
পররাষ্ট্রসচিব জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তার জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ, তহবিল এবং প্রযুক্তি হস্তান্তরের দাবি জোরালোভাবে তুলে ধরা হবে। এলডিসি এবং সিভিএফের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর পক্ষে এই যৌথ দাবি বিশ্বসভায় উপস্থাপন করবে।
জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ ঠিক কত অর্থ পেয়েছে, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এর সঠিক পরিসংখ্যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় দিতে পারবে। তবে বাংলাদেশ বৈশ্বিক জনমত তৈরিতে সফল ভূমিকা রাখছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল ১০ নভেম্বর প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাবেন। ১২ নভেম্বর প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক 






















