বিনোদন ডেস্ক
পর্দায় দাপটের সঙ্গে রাজত্ব করলেও বাস্তব জীবনে বাড়িতে নাকি চলে না শাহরুখ খানের কোনো কথা। স্ত্রী গৌরী খানের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই তার।
এমনকি নিজের বাড়িতে কী করা যাবে, কী যাবে না- সেই সিদ্ধান্তও নেন গৌরী।
সম্প্রতি এক অনুষ্ঠানে মজার ছলে নিজের পারিবারিক জীবনের এমনই অজানা গল্প শোনালেন বলিউডের এই অভিনেতা।
দুবাইয়ের মেরিটাইম সিটিতে নিজের নামে বিলাসবহুল আবাসন ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই দায়ুব’-এর উদ্বোধন করেন শাহরুখ। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা করণ জোহরও।
অনুষ্ঠানে বাড়িতে নিজের স্বাধীনতা নিয়ে শাহরুখকে প্রশ্ন করেন তিনি। আর সেই প্রশ্নের উত্তরে স্ত্রী গৌরীর কর্তৃত্বের বিষয়টি হাস্যরসের মাধ্যমে তুলে ধরেন অভিনেতা।
শাহরুখ বলেন, নিজের বাড়িতে কোনো কিছু করারই অনুমতি নেই তার। পরিবারের সবাইকে গৌরীর সিদ্ধান্ত মেনে চলতে হয়। বাড়ির বিছানায় বসে খাওয়া যাবে না। বাড়ির রং, ছাদ কিংবা লিফট- কোনোটির বিষয়ে নিজেদের মতামত দেওয়ারও সুযোগ নেই তাদের। বরং চুপচাপ বসে বাড়ি উপভোগ করা এবং গৌরীর কাজের প্রশংসা করাই তাদের দায়িত্ব।
বিষয়টি নিয়ে শাহরুখ আরও জানান, তিনি, সুহানা ও আরিয়ান- তিনজন মিলে এ নিয়ে প্রায়ই মজা করেন। অর্থাৎ বলিউডের পর্দায় যিনি সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে অভ্যস্ত, বাড়িতে তাকেই চলতে হয় স্ত্রীর নিয়মে।
এরপর করণ জোহর মজার ছলে শাহরুখকে প্রশ্ন করেন, বক্স অফিসের চেয়েও কি স্ত্রী গৌরীকে বেশি ভয় পান তিনি? জবাবে সরাসরি কিছু না বলে নিজের অভিনীত সিনেমা ‘কিং’-এর সংলাপের ঢঙে উত্তর দেন অভিনেতা।
শাহরুখ বলেন, ‘হাজার দেশে আমি কুখ্যাত, তবে পৃথিবী আমায় দিয়েছে একটাই নাম। কেন জানো? কারণ, আমি শুধু ভয় নই, আমি হলাম আতঙ্ক।’
শাহরুখের এমন রসিকতায় অনুষ্ঠানে তৈরি হয় হাস্যরসের পরিবেশ। পর্দার ‘বাদশা’ হলেও ব্যক্তিগত জীবনে স্ত্রী ও সন্তানদের নিয়ে সময় কাটানোকে বরাবরই গুরুত্ব দেন এই অভিনেতা। তার পারিবারিক জীবনের নানা মুহূর্তও নিয়মিত ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে।

নিজস্ব প্রতিবেদক 




























