স্টাফ রিপোর্টার :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, সীমান্তবর্তী জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এরই অংশ হিসেবে অদ্য ২১ নভেম্বর ২০২৬ তারিখ ১০২০ ঘটিকায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৮৪৫/এম হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নন্দীগ্রাম নামক স্থানে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫১০ প্যাকেট এবং ১২১৫ ঘটিকায় সীমান্ত পিলার ১৮৪২/৮৮-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লুতুঝুড়ি পুঞ্জি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫৪৫ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১০,১১,০০০/- (দশ লক্ষ এগার হাজার) টাকা।
উদ্ধারকৃত তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

নিজস্ব প্রতিবেদক 





















