এহসান বিন মুজাহির : গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, আর্থিক ও সামাজিক সুরক্ষা এবং পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা ও দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেন, সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার নিচে না রাখার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মফস্বল, বিভাগ, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের জন্য ন্যায্য সম্মানী নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কনফারেন্স হলে ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস)-এর আওতায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস সিলেট-এর আয়োজনে এবং জেলা তথ্য অফিস মৌলভীবাজার-এর সহযোগিতায় উক্ত সেমিনারটি সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, তথ্য অধিদপ্তরের (পিআইডি) মূল কাজ হলো সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা এবং গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাঁদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা। গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সাংবাদিক সুরক্ষা আইনের একটি খসড়া প্রণয়ন করে সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে। বিষয়টি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আলোচনাধীন রয়েছে। শিগগিরই এটি বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সরকার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিশেষ সেল গঠন এবং স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামো তৈরির কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভুয়া সাংবাদিকদের চিহ্নিত ও মোকাবিলা করা সহজ হবে।
বর্তমান সরকারকে সাংবাদিকবান্ধব ও স্বচ্ছ উল্লেখ করে সৈয়দ আবদাল আহমদ বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন এবং নিয়মিত প্রেস ব্রিফিং ও মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন। ‘সবার উপরে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে সাংবাদিকরা দেশ, সমাজ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে তিনি প্রত্যাশা করেন।
আঞ্চলিক তথ্য অফিস সিলেটের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাছিনা আক্তার এর সভাপতিত্বে ও তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) উজ্জ্বল শীল এবং আঞ্চলিক তথ্য অফিস সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন।
সভপতির বক্তব্যে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাছিনা আক্তার বলেন, সাংবাদিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য অধিদপ্তর কাজ করছে। ভুয়া ও ফেসবুককেন্দ্রিক সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, মিথ্যা তথ্য ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়ানো প্রতিরোধে সরকারের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
সেমিনারে আরো বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, সদস্যসচিব রুবেল আহমদ, আঞ্চলিক তথ্য অফিস সিলেটের তথ্য সহকারী ডলি রাণী সূত্রধর।
সাংবাদিকদের নিরাপত্তা, তথ্যপ্রাপ্তি ও হয়রানিমূলক মামলা নিয়ে উদ্বেগ :
সেমিনারের উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে নানা প্রতিবন্ধকতা, নিরাপত্তাহীনতা, তথ্যপ্রাপ্তিতে জটিলতা এবং হয়রানিমূলক মামলার বিষয় তুলে ধরেন।
দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলার স্টাফ রিপোর্টার ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব মো. এহসানুল হক বলেন, সাইবার নিরাপত্তা আইন ও মানহানিসংক্রান্ত আইনের কঠোর ধারাগুলোর অস্পষ্টতার সুযোগ নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হচ্ছে। এসব মামলা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সদ্য বদলিকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন তাঁর বিরুদ্ধে সিলেট সাইবার আদালতে সাইবার আইনে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা করেছেন। তাঁর দাবি, মামলা দায়েরের আগে সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো প্রতিবাদলিপি, প্রেস কাউন্সিলে অভিযোগ কিংবা আইনি নোটিশ পাঠাননি।
তিনি সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এহসানুল হক আরো বলেন, তথ্য অধিকার আইন থাকলেও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের আমলাতান্ত্রিক জটিলতা ও তথ্য প্রদানে অনীহার মুখে পড়তে হয়। ফলে অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সাবেক টিএইচও ডা. সিনথিয়া তাসমিন বরাবর ১১টি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেও নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য পাননি।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের অনেক সংবাদকর্মীকে নির্দিষ্ট বেতন-ভাতা না দিয়ে শুধু পরিচয়পত্র দেওয়া হয়। আর্থিক অনিশ্চয়তার কারণে অনেক সংবাদকর্মী অনৈতিক চর্চা কিংবা স্থানীয় প্রভাবশালীদের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন। এসময় তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা বিতরণে মৌলভীবাজারে অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক কর্মী ও প্রভাবশালী মহলের হাতে লাঞ্ছনা ও হামলার শিকার হন। এ সময় তিনি সাংবাদিক মো. এহসানুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টিও তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আরপি নিউজের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান বলেন, অধিকাংশ গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়িত না হওয়ায় সাংবাদিকরা স্বল্প বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে মাসের পর মাস বেতন বকেয়া থাকে। নিয়োগপত্র না দেওয়া এবং যখন-তখন চাকরিচ্যুত করার প্রবণতার কারণে সাংবাদিকদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক বিরাজ করে। ফলে মালিকপক্ষ কিংবা প্রভাবশালী মহলের বিরুদ্ধে গিয়ে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে অনেকেই সাহস পান না।
দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ মফস্বল সাংবাদিকদের সম্মানী না পাওয়া, পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হয়রানির বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।
দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কাওছার ইকবাল বলেন, তথ্য অফিসের কার্যক্রম দৃশ্যমান নয়। আরো গতিশীল ও সম্প্রসারণে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
সেমিনারে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
আলোচনায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রাপ্তির অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, আর্থিক ও সামাজিক সুরক্ষা এবং স্বাধীন সাংবাদিকতার অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

নিজস্ব প্রতিবেদক 





















