স্টাফ রিপোর্টার : রিকশা শ্রমিক মো: হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রাস্তায় চলাচলের সময় রিকশা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবি বাস্তবায়নের মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুহেল মিয়ার ও সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২৫ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ স্মারকলিপিটি গ্রহণ করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় রিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্ঠা জামাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন আহমেদ ও মিজান মিয়া এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আলী আছকর, প্রচার সম্পাদক আশরাফ আলী, বাছিদ মিয়া, সাঈদ মিয়া, কিসমত মিয়া, শাহিন মিয়া। এছাড়াও স্মারকলিপি প্রদানের সময় নিহত হাবিবের মা নাসিমা বেগম ও খালা আসমা বেগম উপস্থিত ছিলেন। স্মারকলিপির অনুলিপি পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি, সিলেটের বিভাগীয় কমিশনার, মৌলভীবাজারের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারের সংশ্লিস্ট দপ্তরে প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা গত ১৬ নভেম্বর ২০২৬ মৌলভীবাজার শহরের রিকশা শ্রমিক কিশোর মোঃ হাবিবুর রহমানকে নৃসংশভাবে শ্বাসরোধ করে খুন করা হয়। মৌলভীবাজার শহরের শিমুলতলা এলাকার রিকশা শ্রমিক হাবিব প্রতিদিনের মতো ১৬ নভেম্বর ২০২৬ রিকশা নিয়ে রুটি রোজীর জন্য বের হলে আরও ফিরে আসেনি। এই না ফেরা যে চিরদিনের জন্য না ফেরা হবে তখনও স্বজনরা তা ভাবতে পারেনি। পরদিন দুপুরে পুলিশ মৌলভীবাজার শহরতলীর কালেঙ্গা রোডের সোনাপুর এলাকা থেকে একটি লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে লাশের পরিচয় জানা যায় এটা নিখোজ রিকশা শ্রমিক হাবিবের লাশ। গত ১৬ নভেম্বর যাত্রীবেশী দুবৃত্তরা রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের রিকশায় উঠে তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে এবং সুযোগ বুঝে দিনের কোন এক সময়ে গলায় পেছিয়ে ও নাক-মুখ বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে। একমাত্র পুত্র হাবিবকে হারিয়ে স্বামীহারা নাসিমা বেগমের অবস্থা পাগল প্রায়। মা-ছেলের সংসারে হাবিবই ছিলেন একমাত্র উপার্জনকারী। হাবিব এই রিকশাটি কিছু দিন আগে কিস্তিতে কিনে জীবিকা নির্বাহ করছিলেন। রিকশার সম্পূর্ণ কিস্তি পরিশোধের আগেই দুর্বত্তরা হাবিবকে খুন করে রিকশার ৪টি ব্যাটারি চুরি করে ৯ হাজার ৫০০ টাকাতে বিক্রি করে দেয়। মাত্র ৯ হাজার ৫০০ টাকার জন্য এমন নির্মমভাবে মানুষ খুন করা যায়? খুনীরা লাশ গুম করার উদ্দেশ্যে মৌলভীবাজার শহরতলীর কালেঙ্গা রোডের সোনাপুর এলাকায় মো: হাবিবুর রহমানের লাশ ফেলে যায়। এই ঘটনায় রিকশা শ্রমিকদের মাঝে আতঙ্ক ও তীব্র ক্ষোভে সৃষ্টি হয়েছে। সা¤প্রতিক সময়ে শহরে রিকশা শ্রমিকরা প্রায়শই দুর্বৃত্তদের দ্বারা চুরি, ছিনতাই ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। যার সর্বশেষ শিকার হয়ে রিকশা শ্রমিক মো: হাবিবুর রহমানকে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হতে হয়। হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ আছকান মিয়া (২৭), আমিন আলী (৪৫) ও সোহেল মিয়া (৩২) নামে তিনজনকে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বড়হাট এলাকার আবিদা স্টোর নামক ব্যাটারির দোকান থেকে নিহতের অটোরিকশার ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে ওই ব্যাটারি ক্রয়ের অভিযোগে দোকানি আব্দুল মোসাব্বির (২৮)কে গ্রেফতার করা হয়। রিকশা শ্রমিক হাবিবুর রহমানের খুনের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। একই সাথে সাপ্রতিক সময়ে মৌলভীবাজার শহরের বিভিন্ন পাড়া মহল্লার অলিগলিতে উঠতি বয়সের বখাটে যুবকদের আনাগোনা ও আড্ডা বেড়ে গেছে, যাদের অনেকই মাদকাসক্ত। বখাটে সন্ত্রাসী প্রকৃতির যুবকদের হাতে প্রায়শই শ্রমিকদের শারিরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। এছাড়া এসব বখাটে সন্ত্রাসীরা রিকশা শ্রমিকদের কষ্টার্জিত টাকাও সুযোগ বুঝে লুটে নিয়ে যায়। এমন কি রিকশা রেখে শ্রমিকরা চা-নাস্তা খেতে গেলে ফিরে এসে দেখেন রিকশা চুরি হয়ে গেছে। তাই সড়কে রিকশা চলাচলের সময় রিকশা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিরসনের জন্য রিকশা স্ট্যান্ড স্থাপন করার দাবি জানানো হয় স্মারকলিপিতে। ৫ দফা দাবির অন্য দাবিগুলো হলো অসহায় দরিদ্র মোঃ হাবিবুর রহমানের মা নাসিমা বেগমকে রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত ক্ষতিপুরণ এবং রিকশার কিস্তি পরিশোধের দায় থেকে মুক্তি দেওয়া, যানজট নিরসনে উপযুক্ত স্থানসমূহে পর্যাপ্ত রিকশা স্ট্যান্ড স্থাপন এবং যত্রতত্র বিশেষত বড় বড় মার্কেটের সামনে রাস্তা দখল করে অবৈধ পার্কিং বন্ধ করা এবং রিকশা চলাচলের জন্য সড়কে পৃথক লেন চালু করা। এই দাবিগুলো বাস্তবায়নের শ্রমিকরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারের নিকট জোর দাবি জানান।
5:11 pm, Wednesday, 25 November 2026
News Title :
রিকশা শ্রমিক ইউনিয়নের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ৫ দফা দাবি স্মারকলিপি প্রদান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:44:15 am, Wednesday, 25 November 2026
- 8 Time View
Tag :
Popular Post























