ক্রীড়া ডেস্ক :: ব্যাটিংয়ের খারাপ সময় থেকে কাটিয়ে উঠতে টেস্ট অধিনায়কত্ব করতে চান না মুমিনুল হক। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষ করে সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন মুমিনুল নিজেই।
উল্লেখ্য, সর্বশেষ গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮৮ রান করেছিলেন তিনি। এরপর টানা ১১ ইনিংসে বাংলাদেশ দলের অধিনায়কের সর্বোচ্চ রান ৩৭, দ্বিতীয় সর্বোচ্চ রান ১৩*। এর মধ্যে শূন্য আছে তিনটি। একটি ইনিংসে ব্যাট করতে হয়নি।
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে যারপরনাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও পুরোপুরি ব্যর্থ ছিলেন মুমিনুল।
মুমিনুলের অধীনে ১৭ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ, ড্র হয়েছে দুই টেস্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগারদের দলপতি ছিলেন তিনিই। মুমিনুলের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে সাকিব আল হাসানকে।

নিজস্ব প্রতিবেদক 

























