ডেস্ক রিপোর্ট :: আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল ম্যাচ। এ যেন এক অন্যরকম উন্মাদনা। এমন ম্যাচ কে না মাঠে বসে দেখতে চাইবেন! টিকিটের মূল্যেই সেটা বোঝা যাচ্ছে। শুক্রবার (১৩ জুলাই) স্টাবহাব নামের একটি টিকিট বিক্রির ওয়েবসাইট বলছে, একেবারে সামনের সারির ভিআইপি টিকিটের দাম উঠেছে ৯৭ হাজার ৯০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় এক কোটি সাড়ে ১৪ লাখ টাকা (প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে)।
এই দাম শুনে যে কারও ‘চক্ষু চড়ক গাছ হওয়া’র দশা হবে।
টিকিটমাস্টার নামক ওয়েবসাইটে এই ম্যাচের সর্বনিম্ন দামের টিকিটের দামও দুই হাজার ৫৪১ ডলার বা দুই লাখ ৯৭ হাজার টাকা! অথচ এর আগে কোপার অন্য ম্যাচগুলোর টিকিট গড়ে পাওয়া গেছে ২০০ ডলারে।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২৩ বছর পর কোপার ফাইনালে ওঠা কলম্বিয়ার ম্যাচ দেখতে আরাধ্য হয়ে উঠেছে টিকিটের দাম।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার মায়ামিতে মেসির ক্লাব দল ইন্টার মায়ামির মাঠ হার্ড রক স্টেডিয়ামে হবে কোপার ফাইনাল।
ফ্লোরিডায় অরিজিনাল আমেরিকানদের মধ্যে ফুটবল নিয়ে তেমন ক্রেজ নেই। কিন্তু এই রাজ্য মূলত স্প্যানিশ অধ্যুষিত। একটি ছোট্ট পরিসংখ্যান দিলে কোপার ফাইনাল নিয়ে এই স্প্যানিশদের পাগলামির কিছুটা আঁচ পাওয়া যাবে।
উয়েফার ওয়েবসাইট অনুযায়ী, একই সময়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন ও ইংল্যান্ডের ফাইনালে টিকিটের সর্বনিম্ন মূল্য মাত্র ৯৫ ইউরো আর সর্বোচ্চ মূল্য দুই হাজার ইউরো।
এআইয়ের তথ্য অনুযায়ী, ফ্লোরিডায় বৈধ আর্জেন্টিনার অভিবাসী আছে লাখখানেক, যা অবৈধ মিলে প্রায় দুই লাখ। কলম্বিয়ান বৈধ অভিবাসী রয়েছে প্রায় ছয় লাখ। আর অবৈধভাবে আরো প্রায় চার লাখ।
আবার এই কলম্বিয়ানদের প্রায় চার লাখের বাস মায়ামির আশপাশে। ২৩ বছর পর কোপার ফাইনালে ওঠা এই ম্যাচ নিয়ে কলম্বিয়ানদের উন্মাদনা তাই তুঙ্গে। যেভাবেই হোক, মাঠে বসে দলকে সমর্থন দিতে একটি টিকিট চাই।

নিজস্ব প্রতিবেদক 




























