হাসান আল মাহমুদ রাজু : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ সরেজমিন পরিদর্শন করেছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি সানজিদা আক্তার।
রোববার (৩০ আগস্ট) সকালে তিনি বিদ্যালয় ও কলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের বিষয়ে তিনি প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে ইউএনও সানজিদা আক্তার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজখবর নেন।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আমাদের আমানত ও ভবিষ্যৎ। তাদের জন্য একটি সুস্থ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠনে ইতিবাচক সহযোগিতা করা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।
তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর গোস্বামী সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক 

























