ডেস্ক রিপোর্ট : লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। আজ মেজর লিগ সকারে (এমএলএস) সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
মেসি করেছেন চার গোল, সঙ্গে একটি গোলে অ্যাসিস্টও করেছেন। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচের জয়হীনতার অবসান ঘটেছে মায়ামির।
এমএলএসে এই প্রথম এক ম্যাচে চার গোল করলেন মেসি। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকার দুর্দান্ত পারফরম্যান্সে চলতি মৌসুমে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ১৮।
এর ফলে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে গেছেন তিনি।
ম্যাচে মেসির প্রথম গোল আসে বিরতির ঠিক আগে।
তার গোলে লিড ফিরে পায় মায়ামি। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে আবারও জালের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ৮৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
তবে সেখানেই থামেননি মেসি। যোগ করা সময়ের শেষ দিকে ফ্রি-কিক থেকে বাঁকানো দুর্দান্ত শটে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। তাতেই পূর্ণ হয় মায়ামির ৭-১ গোলের বিশাল জয়।
মেসির এমন পারফরম্যান্সের বর্ণনা দিতে গিয়ে ভাষা খুঁজে পাচ্ছিলেন না ইন্টার মায়ামির অন্তর্বর্তী কোচ গিয়ের্মো হয়োস। আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘এমন ফুটবলীয় সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। এত কিছু ঘটে যে, শব্দ সেখানে অপ্রতুল হয়ে পড়ে।’
মেসির প্রশংসায় তিনি আরও বলেন, ‘সে সব সময় গোল, সেই বিশেষ মুহূর্ত কিংবা সেই পাসের সন্ধানে থাকে। আমার মনে হয় না, সে সাধারণ কোনো ফুটবলার। একজন খেলোয়াড় ও একজন মানুষ হিসেবে তাকে বিশ্লেষণ করতে গেলে বিষয়টি এত গভীরে চলে যায় যে, শেষ পর্যন্ত বলার মতো শব্দই থাকে না।’
২০২২ বিশ্বকাপজয়ী মেসি এ বছরও আর্জেন্টিনাকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয় আর্জেন্টিনা।
মেসির সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতাকে অসাধারণ সুযোগ হিসেবে দেখছেন মায়ামির মিডফিল্ডার কাসেমিরোও। অ্যাপল টিভিকে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘দলে মেসি থাকার অর্থ এটাই। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে। কারণ, সে এমন একজন মানুষ ও খেলোয়াড়, যে ইতিহাস গড়ে।’
৩৪ বছর বয়সী কাসেমিরো জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মায়ামিতে যোগ দেন। তার দলবদলের ফলে ফুটবলের অন্যতম বড় দ্বৈরথের দুই সাবেক প্রতিদ্বন্দ্বী এখন একই দলের সতীর্থ। রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন কাসেমিরো, আর মেসি দীর্ঘ সময় খেলেছেন বার্সেলোনায়।
তবে বয়স বাড়লেও মেসির সামর্থ্যে কোনো ভাটা পড়েনি বলেই মনে করেন কাসেমিরো। তিনি বলেন, ‘আজ আমরা দেখেছি, মেসিকে দলে পাওয়ার বিষয়টি কতটা উপভোগ করার মতো। তাকে সমর্থন করতে হবে, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কারণ সে এখনো সেরা।’
কাসেমিরোর ভাষায়, ‘বিশ্বকাপেও সে সেটা প্রমাণ করেছে। আমাদের এই সময়টা উপভোগ করতে হবে। কারণ, তাকে সঙ্গে পেলে আমরা অনেক বেশি শক্তিশালী।’

নিজস্ব প্রতিবেদক 























