ডেস্ক রিপোর্ট : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে ঘিরে সাম্প্রতিক নানা কেলেঙ্কারি ও বিতর্কের পর ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছেন তিনি।
রোববার ফরাসি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্লাতিনি বলেন, ‘অর্থনৈতিক বিষয় এক জিনিস। কিন্তু ইনফান্তিনো ব্যর্থ হয়েছেন, কারণ খেলার নিয়মের রক্ষক হিসেবে তার দায়িত্ব ছিল সেগুলো মেনে চলা, অথচ তিনি তা করেননি।
’
৫৬ বছর বয়সী ইনফান্তিনো সম্প্রতি বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন আয়োজনে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে তাকে।
উত্তর আমেরিকায় সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি।
বিশ্বকাপে তথাকথিত ‘হাইড্রেশন ব্রেক’ নিয়েও প্রশ্ন তুলেছেন প্লাতিনি।
তার দাবি, অনেক ম্যাচে এসব বিরতি চার মিনিট পর্যন্ত স্থায়ী হয়েছে এবং আয়োজক সম্প্রচারক প্রতিষ্ঠান ওই সময়ে বিজ্ঞাপন প্রচার করেছে।
এ ছাড়া বিশ্বকাপ ফাইনালের বিরতিতে আয়োজিত অনুষ্ঠান নিয়েও আপত্তি জানান সাবেক উয়েফা প্রধান। তার মতে, বিরতির অনুষ্ঠান নির্ধারিত সর্বোচ্চ ১৫ মিনিটের সীমা ছাড়িয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ফোনালাপের পর মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করার ঘটনাকেও সবচেয়ে গুরুতর বিতর্কগুলোর একটি বলে উল্লেখ করেন তিনি।
প্লাতিনি বলেন, ‘বিজ্ঞাপনের বিরতি নিয়মের মধ্যে নেই। ফাইনালে ৩০ মিনিটের বিরতিও নিয়মের মধ্যে নেই। আর লাল কার্ডের বিষয়টি সবচেয়ে খারাপ।’
এরপরই ইনফান্তিনোর উদ্দেশে তার কড়া মন্তব্য, ‘সে নিয়মের রক্ষক। অথচ সে নিজেই নিয়ম মানে না। তাকে চলে যেতে হবে।’
বিশ্বকাপ শেষ হওয়ার পরও ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক থামেনি। ফিফার বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস’ পরিকল্পনা বাতিল না করলে ফিফার টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়েছিল উয়েফা।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি ইনফান্তিনোর বিরুদ্ধে বেসরকারি অর্থায়নসংক্রান্ত বিষয়ে ‘অপরাধমূলক অব্যবস্থাপনা’র অভিযোগও তুলেছে। কনকাকাফ ও এএফসিও ইনফান্তিনোর ওপর চাপ তৈরিতে উয়েফার সঙ্গে যোগ দিয়েছে।
আগামী মার্চে পুনর্নির্বাচনে অংশ নেওয়ার আশা করছেন ইনফান্তিনো। তবে প্লাতিনির মতে, তাঁকে সরানোর প্রক্রিয়া ফুটবলের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নয়, আদালতের মাধ্যমেই এগোতে পারে।
তিনি বলেন, ‘ফুটবল প্রতিষ্ঠানগুলো তাকে সরিয়ে দেবে না। উয়েফা যদি ইনফান্তিনোকে সরাতে চায়, তাহলে সেটা আদালতের মাধ্যমে করতে হবে।’
ইনফান্তিনো সম্পর্কে নিজের পুরোনো ধারণার কথাও জানান প্লাতিনি। তিনি বলেন, ‘আমি সবসময়ই জানতাম, সে অর্থ ও ক্ষমতা ভালোবাসে।’
২০১৫ সালে উয়েফা সভাপতি থাকা অবস্থায় ফিফার সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন প্লাতিনি। কিন্তু সে সময় দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ফিফার তৎকালীন সভাপতি সেপ ব্লাটারও তার বিরুদ্ধে দুই মিলিয়ন ডলারের অবৈধ অর্থ প্রদানের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।
২০২৫ সালে শেষ পর্যন্ত সব ধরনের অনিয়মের অভিযোগ থেকে খালাস পান প্লাতিনি। তবে সেই সময় তাকে উয়েফার সভাপতির পদ ছাড়তে হয়েছিল। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো।
প্লাতিনি বলেন, ‘সে আমাকে সরায়নি, বরং সে এর সুবিধা নিয়েছিল।’
তবে বর্তমানে ইনফান্তিনোকে ঘিরে বিশ্বের বিভিন্ন জায়গায় তদন্ত চলায় পরিস্থিতি ভিন্ন বলে মনে করেন প্লাতিনি।
‘এখন তাকে নিয়ে সারা বিশ্বে অনেক তদন্ত চলছে। কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, সে নির্দিষ্ট কিছু ঘটনা সম্পর্কে কী জানত। দেখা যাক, এরপর কী হয়’, বলেন তিনি।
ইনফান্তিনোর পাশাপাশি ফিফার সাবেক কর্মকর্তা মার্কো ভিলিগার ও ডোমেনিকো স্কালার বিরুদ্ধেও ফ্রান্সে মামলা করেছেন প্লাতিনি। ২০১৫ সালে ফিফা সভাপতি নির্বাচনে তাকে ঠেকাতে যে কৌশল নেওয়া হয়েছিল, তার কারণে হওয়া ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়ে এই মামলা করেছেন তিনি।
তিনজনের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ আনার জন্য অপরাধমূলক ষড়যন্ত্র’, ‘প্রভাব বিস্তার’ এবং ‘প্রভাব বিস্তারে সহায়তা ও সহযোগিতা’র অভিযোগ এনেছেন প্লাতিনি।

নিজস্ব প্রতিবেদক 

























