প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিওপি-এর যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঢালুয়াছড়া এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মজুত রাখা সেগুন কাঠ উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ আহরণ ও পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিওপি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ২৬.০৯ ঘনফুট (প্রায় ২৭ ঘনফুট) সেগুন কাঠ জব্দ করা হয়।
রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া বলেন, ‘বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ আহরণ ও পাচার বন্ধে আমাদের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। কাঁঠালকান্দি বিওপি-এর সহযোগিতায় পরিচালিত এ যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় একটি পিওআর (POR) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বন আইনের লঙ্ঘনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বনজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার করা হবে।’

নিজস্ব প্রতিবেদক 























