লিওনেল মেসির ১০ নম্বর জার্সি কি তার হাতে উঠতে যাচ্ছে? আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাজকে ঘিরে এমন আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। তবে এসব নিয়ে ভাবছেন না কোমোর এই ফুটবলার।
তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দলের হয়ে মাঠে নামা এবং ফুটবল উপভোগ করা।
আজ ভোরে কোর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
দলের বড় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পাজ। প্রথমার্ধেই করেছেন জোড়া গোল।
ম্যাচে দারুণ পারফরম্যান্সের পরও মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আলোচনায় যেতে চাননি ২২ বছর বয়সী এই ফুটবলার।
ম্যাচের সপ্তম মিনিটে হুলিয়ান আলভারেস ও এনসো ফার্নান্দেসের নেতৃত্বে গড়ে ওঠা প্রতি-আক্রমণ থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন পাজ।
বিরতির ঠিক আগে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দুই পায়েই গোল করার দক্ষতা দেখানো এই মিডফিল্ডারকে বিরতির পর তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। তার জায়গায় মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে পাজ বলেন, ‘আমি খুব খুশি। এই জার্সির প্রতিনিধিত্ব করা সবচেয়ে বড় বিষয়। বিশেষ করে আজকের মতো দিনে, যখন এত মানুষ মাঠে এসেছেন এবং এত ভালোবাসা দিয়েছেন। আমি সত্যিই খুব আনন্দিত।’
নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট পাজ। তিনি বলেন, ‘ধীরে ধীরে নিজেকে আরও ভালোভাবে খুঁজে পাচ্ছি, মাঠে আরও বেশি উপভোগ করছি। আমাদের দলে অসাধারণ মানের খেলোয়াড় রয়েছে। তাদের সঙ্গে খেললে নিজের ক্লাবের মতো করে খেলাটা সহজ হয়ে যায়। তারা সবকিছু অনেক সহজ করে দেয়। এই দলের হয়ে খেলতে পারা অসাধারণ।’
১০ নম্বর জার্সি নিয়ে ভাবনা নেই
মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার পর তার বিখ্যাত ১০ নম্বর জার্সি কে পরবেন, তা নিয়ে আলোচনা চলছে। বর্তমানে ১৮ নম্বর জার্সি পরা পাজকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছেন অনেকে।
জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। শেষ পাঁচ ম্যাচে করেছেন পাঁচ গোল। ২০২৬ বিশ্বকাপের পর থেকে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষেও গোল পেয়েছেন এই তরুণ। উরুগুয়ের বিপক্ষে বোম্বোনেরায় হারের ম্যাচটিই ছিল এই সময়ের মধ্যে তার একমাত্র গোলশূন্য পারফরম্যান্স।
তবে ১০ নম্বর জার্সির চাপ কিংবা ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবতে চান না পাজ। তার ভাষায়, ‘সত্যি বলতে, এসব নিয়ে আমি ভাবি না। আমার ভাবনা হলো, আজকের মতো দিনগুলো উপভোগ করা, মাঠে আনন্দ করা। কারণ ফুটবল খেলতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তার ওপর জাতীয় দলের প্রতিনিধিত্ব করা, এত মানুষের প্রতিনিধিত্ব করা। আমি এসবের জন্যই খেলি এবং এভাবেই খেলে যেতে চাই।’
পাজ নিজে ১০ নম্বর জার্সি নিয়ে কথা বলতে না চাইলেও সতীর্থদের কেউ কেউ তাকে নিয়ে আশাবাদী। বলিভিয়ার বিপক্ষে আগের এক জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস প্রশ্ন তুলেছিলেন, পাজই কি আর্জেন্টিনার নতুন ১০ নম্বর?
বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের পর রদ্রিগো দি পলও পাজের প্রশংসা করেছিলেন। তাকে ‘মাস্টার’ আখ্যা দিয়ে আর্জেন্টিনার সৃজনশীল ফুটবলে তার মতো একজনের প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন এই মিডফিল্ডার।
পাজের ঘনিষ্ঠ বন্ধু ও চেলসির ভ্যালেন্তিন বারকোও চান, মেসির ১০ নম্বর জার্সি উঠুক তার হাতে। বিশ্বকাপের সময় ৫০ দিনের বেশি একই কক্ষে ছিলেন তারা। পাজের সামর্থ্য সম্পর্কে ভালো ধারণা রয়েছে বারকোর। তিনি বলেন, ‘নিকোর খেলায় আমার সবকিছুই ভালো লাগে। সে যেভাবে খেলে, তা আমার খুব পছন্দ। আশা করি, সে ১০ নম্বর জার্সি পাবে। আমি সেটাই চাই।’
সান্তা ক্রুস দে তেনেরিফে জন্ম নেওয়া পাজের উত্থান তাই আর্জেন্টিনার ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে। জাতীয় দলে প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে মানিয়ে নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি। মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার সাফল্যের ধারা ধরে রাখার অভিযানে পাজ যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, সাম্প্রতিক পারফরম্যান্সেই তা স্পষ্ট। তবে ঐতিহাসিক ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে হবেন, সেই প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে।

নিজস্ব প্রতিবেদক 


























