ডেস্ক রিপোর্ট :: ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জনদুর্ভোগ সহনীয় রাখতে জয়দেবপুর মোড় থেকে এলেঙ্গা হয়ে হাটিকুমরুল পর্যন্ত সড়কের নওজোর, সফিপুর ও গড়াই- এ তিনটি ফ্লাইওভার তিনটি ফ্লাইওভার আগামীকাল সোমবার (২৫ এপ্রিল) খুলে দেয়া হচ্ছে। সড়কে যেসব সমস্যা রয়েছে সেগুলোও জরুরি ভিত্তিতে সমাধানের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।
আজ রবিবার (২৪ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। এদিন প্রাইভেট পাবলিক পার্টনারশিপে নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪২ কোটি ৫০ লাখ টাকার প্রথম দফার চেক হস্তান্তর হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সরকারের পদক্ষেপ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, পরিবহনমালিকদের কিছু সুপারিশ ছিল, আমরা সেগুলো বিবেচনায় নিয়েছি। যানজট যেন সহনীয় পর্যায়ে থাকে, ডেডলক যেন না থাকে। এখনো কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে। আমরা সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিকভাবে হলে ঈদে যানজট সহনীয় পর্যায়ে থাকবে।
তিনি বলেন, জয়দেবপুর মোড় থেকে এলেঙ্গা মোড় হাটিকুমরুল পর্যন্ত গেলে…এলেঙ্গা মোড় পর্যন্ত তিনটি ফ্লাইওভার ছিল; বাজার, শহর থাকায় এখানে যানজট সব সময় লেগেই থাকতো। নওজোর, সফিপুর ও গড়াই- তিনটি ফ্লাইওভার আমরা কালকের (সোমবার) মধ্যে খুলে দিচ্ছি। আমি গতকাল এটা সরেজমিনে দেখার জন্য গিয়েছি, দেখেছি এটা খুলে দেয়ার মতো। এ তিনটি ফ্লাইওভার খুলে দিলে সমস্যা অনেকটা দূর হবে।
এবারের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তির হবে বলে আশাবাদ জানিয়ে সচিব নজরুল ইসলাম বলেন, ঈদযাত্রা শুরুর আগে মহাসড়কে তিন চাকার বাহন নিষিদ্ধ করা হচ্ছে। সেই সঙ্গে মহাসড়কের যত্রতত্র পার্কিং বা স্টপেজ বানানো বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। প্রতি বছর ঈদের সময় যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ মহাসড়কে চলমান উন্নয়ন কাজের জন্য ঈদযাত্রায় ভোগান্তি বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এই সড়কে সব সময়ই যান চলাচলে ধীরগতি রয়েছে। সড়কের খানাখন্দ এবং বিভিন্ন স্থানে চার লেনের সড়ক দুই লেনের সড়কে মিলিত হওয়ায় যানজট চরম আকার ধারণ করে। বঙ্গবন্ধু সেতুর টোল আদায় কেন্দ্রের ধীরগতিও উত্তরের মহাসড়কে যানজটের অন্যতম একটি কারণ।
এদিকে একদিনে সোমবার সিরাজগঞ্জের নলকায় আরেকটি সেতু খুলে দেওয়া হচ্ছে জানিয়ে সড়ক সচিব বলেন, ঈদযাত্রায় যেসব স্থান সমস্যাপ্রবণ হিসেবে চিহ্নিত ছিল, যানজটপ্রবণ ছিল, সেগুলো আমাদের পক্ষ থেকে অ্যাড্রেস করেছি। ঈদযাত্রার কথা মাথায় রেখে এসব সড়কের অসম্পন্ন কাজ দ্রুত শেষ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 






















