ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের সঙ্গে জাপানের বিমান যোগাযোগ আরও জোরদার করতে আগামী জুন মাস থেকে ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পূর্বে চালু থাকা নারিতা-ঢাকা রুটটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও এটি একটি লাভজনক রুট হিসেবে বিবেচিত ছিল।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, বন্ধের পেছনের কারণগুলো আর বিদ্যমান নেই। এ প্রেক্ষাপটে সরকার পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে।
প্রাথমিকভাবে জুন মাস থেকে এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে এবং চাহিদা ও লাভজনকতার ভিত্তিতে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়েও চিন্তা করা হচ্ছে।
অন্যদিকে, হজ ফ্লাইট কার্যক্রম নিয়ম অনুযায়ী চলমান রয়েছে।
আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে বলে জানানো হয়েছে। চলতি মৌসুমে সম্পূর্ণ হজ কার্যক্রম রাষ্ট্রীয় বিমান সংস্থার মাধ্যমেই পরিচালিত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে বহরে নতুন বিমান যুক্ত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে ১৪টি নতুন বিমান কেনার পরিকল্পনা রয়েছে, যা মার্কিন নির্মাতা বোয়িং থেকে কেনা হতে পারে। এ সংক্রান্ত চুক্তি আগামী ৩০ এপ্রিলের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের সঙ্গেও আলোচনা চলছে, যাতে ভবিষ্যতে মিশ্র বহর গড়ে তোলা যায়। এছাড়া স্বল্পমেয়াদে বহর বাড়াতে লিজের মাধ্যমে দুই থেকে তিন মাসের মধ্যে নতুন বিমান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 





















