ডেস্ক রিপোট:সারাদেশে অনেকাংশ কমেছে দিন এবং রাতের তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় তা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৪ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
তিনি আরও জানান, আগামী তিন দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ভোলায় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নিজস্ব প্রতিবেদক 

























