বিনোদন ডেস্ক :: তারকাদের ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবনও প্রায়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে প্রিয় তারকার প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের গল্প নিয়ে কৌতূহলের শেষ নেই।
বলিউডে এমনই এক জনপ্রিয় শিল্পী সুনিধি চৌহান, যার ব্যক্তিজীবনের একটি অধ্যায় শুরু হয়েছিল পরিবারের অমতে বিয়ে দিয়ে। কিন্তু সেই সংসার টেকেনি এক বছরও।
বর্তমানে বলিউডের অন্যতম পরিচিত কণ্ঠশিল্পী সুনিধি। হিন্দির পাশাপাশি কন্নড়, পাঞ্জাবি, মালয়ালম, বাংলা ও ভোজপুরি ভাষাতেও গান গেয়েছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই গায়িকা।
তবে সাফল্যের এই পথচলার পেছনে রয়েছে জীবনের নানা ওঠানামার গল্প।
সুনিধি চৌহান মাত্র ১৮ বছর বয়সে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন কোরিওগ্রাফার ববি খানকে। তাদের প্রেমের বিষয়টি তখন অনেকটাই আলোচিত ছিল। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন দুজন। তবে সুনিধির পরিবার এই বিয়েতে সম্মতি দেয়নি। পরিবারের আপত্তি উপেক্ষা করেই ববিকে বিয়ে করেন তিনি।
কিন্তু বিয়ের পরও সেই সম্পর্ক স্বাভাবিকভাবে এগোয়নি। জানা যায়, ববি খানের পরিবারও সুনিধিকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেনি। পারিবারিক নানা জটিলতার মধ্যেই ধীরে ধীরে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত বিয়ের মাত্র এক বছরের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সুনিধি ও ববি।
প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর জীবনের কঠিন সময় পেরিয়ে সুনিধি নিজের ক্যারিয়ারে মনোযোগ দেন। সংগীতের প্রতি আরও বেশি মনোযোগী হয়ে ধীরে ধীরে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। সময়ের সঙ্গে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে সুনিধি চৌহান হয়ে ওঠেন বলিউডের অন্যতম ব্যস্ত ও সফল প্লেব্যাক শিল্পী।
পরবর্তীতে সঙ্গীত পরিচালক হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। এই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। প্রথম জীবনের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে বর্তমানে গান ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন সুনিধি। মঞ্চ কিংবা প্লেব্যাক- দুই ক্ষেত্রেই তার কণ্ঠ সমান জনপ্রিয়।

নিজস্ব প্রতিবেদক 





















