আহমেদ পায়েল :: দেশের জনগণের স্বার্থের বিপরীতে অযৌক্তিক ভাবে “জ্বালানি তেল, সার, এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্ধিত মূল্যবৃদ্ধি ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের (বৃহস্পতিবার) সারাদেশে অর্ধদিবস (৬টা-১২টা) হরতালের সমর্থনে ২৪শে আগস্ট বুধবার বাদ মাগরিব মৌলভীবাজার জেলা শহরে বাম গণতান্ত্রিক জোট কর্তৃক মৌলভীবাজারে মশাল মিছিল এবং মিছিল পরবর্তী মৌলভীবাজার চৌমুহনা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মশাল মিছিলে নেতৃত্ব দেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সাবেক আহ্বায়ক অ্যাড. “মঈনুর রহমান মগনু” , কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এবং কৃষক নেতা “জওহরলাল দত্ত”, বাসদ জেলা শাখার সদস্য অ্যাড. “আবুল হাসান”, সিপিবি জেলা নেতা “জাহাঙ্গীর জয়েস” প্রমুখ বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে মৌলভীবাজার সেন্ট্রাল রোড, কুসুমবাগ পয়েন্ট, পশ্চিমা বাজার, শমশেরনগর রোড এবং কোর্ট রোড হয়ে পুনরায় চৌমুহনা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইনজীবী “মঈনুর রহমান মগনু”, সিপিবি নেতা “জওহরলাল দত্ত ” ও বাসদ নেতা ও আইনজীবী “আবুল হাসান” প্রমুখ ।
নেতৃবৃন্দ আগামীকাল দেশ এবং দেশের জনগণের জীবন রক্ষার্থে সকাল ৬টা – ১২টা পর্যন্ত হরতাল পালনের জন্য মৌলভীবাজারবাসীদের প্রতি আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক 























