আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ অভিযানে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
রোববার (২৮ জুন) রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা উল্লাহ তারার বলেন, সীমান্ত এলাকায় আগে থেকেই পরিকল্পিত স্থল অভিযান পরিচালনা করা হয়েছে।
একইসঙ্গে বিভিন্ন সীমান্ত এলাকায় সমন্বিত হামলাও চালানো হয়। খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচিতে সাম্প্রতিক সময়ে বেসামরিক মানুষ ও পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধ) বিভিন্ন ক্যাম্পে সংঘটিত সন্ত্রাসী হামলার জবাব হিসেবে এ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
এর আগে শনিবার (২৭ জুন) গভীর রাতে করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় পাকিস্তান সিন্ধ রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে হামলার ঘটনা ঘটে। এতে আধাসামরিক বাহিনীর তিন সদস্য নিহত হন।
একই ঘটনায় হামলায় অংশ নেওয়া তিন হামলাকারীও নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছেন সিন্ধ পুলিশের কর্মকর্তারা।
সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ আলম ওধো বলেন, হামলাকারীরা একটি গাড়ি নিয়ে সদর দপ্তরের প্রধান ফটকে আঘাত করে। ঘটনার শুরুতে বিস্ফোরণ হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হামলার পরপরই পুরো এলাকায় তল্লাশি ও নিরাপত্তা অভিযান শুরু করা হয়। বিশেষ নিরাপত্তা ইউনিট, সন্ত্রাসবিরোধী বাহিনী এবং রেঞ্জার্স সদস্যরা ঘটনাস্থল ঘিরে অভিযান পরিচালনা করছেন বলে জানান আইজিপি।
এদিকে পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, হামলায় আহত আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুলি লেগেছে।

নিজস্ব প্রতিবেদক 
























