বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় ফরহাদ হায়দার নামে একজন প্রতিষ্ঠিত আগর-আতর ব্যবসায়ির সাথে প্রতারণার দায়ে সৌদিআরব প্রবাসি কথিত আগর-আতর ব্যবসায়ি রাহাদ আহমদকে পুলিশ গ্রেফতার করেছে। ২০ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানায় রোববার দুপুরে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর দক্ষিণ গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর দক্ষিণ (বড়বাড়ি) গ্রামের আগর-আতর ব্যবসায়ি ফরহাদ হায়দারের বড়থল গ্রামে আগরের কাঠের ভূষির কারখানা রয়েছে। সৌদিআরব প্রবাসি রাহাদ আহমদ সৌদিআরবে তার আগর কাঠের ভূষির ব্যবসা রয়েছে বলে গত বছরের ১৪ অক্টোবর ফরহাদ হায়দারের কাছ থেকে ২০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকার প্রায় ১২শ’ কিলোগ্রাম আগর কাঠের ভূষি ক্রয় করেন। ২০ লাখ টাকা বাকি রেখে মালামাল নিয়ে যান। শর্ত অনুযায়ি তিনি টাকা পরিশোধ করেননি। দীর্ঘদিন তাগদা দিয়েও টাকা আদায়ে ব্যর্থ হন ব্যবসায়ি ফরহাদ হায়দার। অবশেষে কথিত প্রবাসি ব্যবসায়ি রাহাদ আহমদ ২ জুলাই শূন্য ব্যালেন্স স্বত্তে¡ও পাওনাদার ফরহাদ হায়দারকে ডাচ্ বাংলা ব্যাংকের একটি চেক প্রদান করে প্রতারণা করেন। এই ঘটনায় ভুক্তভোগি আগর-আতর ব্যবসায়ি ফরহাদ হায়দার ১০ আগস্ট বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কথিত সৌদিআরব প্রবাসি ব্যবসায়ি রাহাদ আহমদের বিরুদ্ধে মামলা করেন।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান ২০ লাখ টাকা চেক জালিয়াতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহাদ আহমদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রোববার বিকেলে তাকে আদালতে সোপর্দ করেছেন।

নিজস্ব প্রতিবেদক 





















