বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে প্রতিদিন অবৈধভাবে পুশইনের অপচেষ্টা চালাচ্ছে বিএসএফ| কোনোভাবেই বিএসএফ বন্ধ করছে না পুশইন প্রচেষ্টা| ভারতে অবৈধ অনুপ্রবেশকারি আর রোহিঙ্গাদের ঠেলে পাঠাতে শূন্য রেখার ওপারে ওঁৎ পেতেই বসে থাকে বিএসএফ| বিভিন্ন গ্রুপে লোকজনকে ঠেলে পাঠাতে নিয়ে আসলেও বিজিবি ও স্থানীয় জনসাধারণের কঠোর প্রতিরোধের মূখে বিএসএফের পুশইন বারবার ব্যর্থ হচ্ছে|
শুক্রবার ও শনিবার দিনভার বিএসএফ-বিজিবি মূখোমুখি অবস্থান করে| শেষ পর্যন্ত বিএসএসফ কোনো অবৈধ অনুপ্রবেশকারিকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠাতে পারেনি| প্রায় এক সপ্তাহ ধরে বড়লেখা সীমান্তের বোবারথল এলাকার কয়েকটি স্পটে বিএসএফ ও বিজিবির এমন চোর পুলিশ খেলায় সীমান্ত এলাকার জনসাধারণের মধ্যে উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে|
জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের প্রায় ১১৪ কিলোমিটার সীমান্ত বড়লেখা ও জুড়ী উপজেলায় পড়েছে| এর প্রায় ৭০ শতাংশই রয়েছে বড়লেখায়| যার বেশিরভাগ এলাকা খুবই দুর্গম, গভীর জঙ্গলে ঘেরা মারাত্মক ঝুঁকিপূর্ণ| বিশেষ করে বৃহত্তর বোবারথল, পাল্লাথল, কুমারসাইল ও বড়াইল সীমান্ত এলাকা গহীন অরণ্যে ঘেরা| আর বিএসএফ এইসব দুর্গম এলাকা দিয়েই গত একবছরে অন্তত দেড় হাজার অবৈধ অনুপ্রবেশকারি ও রোহিঙ্গাকে পুশইন করেছে|
গত এক সপ্তাহ ধরে বিএসএফ বড়লেখার বোবারথল ষাটঘরি ও এর আশপাশের এলাকা দিয়ে পুশইনের জন্য বিভিন্ন গ্রুপে অবৈধ অনুপ্রবেশকারিকে শূন্যরেখার ওপারে জড়ো করতে থাকে| বিষয়টি বিজিবির নজরে আসতেই ঝুকিপূর্ণ এলাকায় টহল জোরদার করে বিজিবি|
সরেজমিনে জানা গেছে, শুক্রবার দুপুরে বিএসএফ বোবারথল ষাটঘরি সীমান্ত দিয়ে অবৈধ অনুপবেশকারিদের পুশইনের জন্য জড়ো করলে বিজিবি ও স্থানীয় জনসাধারণ তীব্র প্রতিরোধ গড়ে তোলেন| দফায় দফায় বিজিবি হ্যান্ডমাইকে বিএসএফকে হুশিয়ারি দিয়েছে| এসময় স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে পুশইন ঠেকাতে শূন্যরেখার এপারে অবস্থান নেন| দুপুর থেকে রাত আটটা পর্যন্ত চলে বিজিবি-বিএসএফ চোর পুলিশ খেলা| বিজিবি-জনতার কঠোর প্রতিরোধের মূখে বিএসএফের পুশইন ব্যর্থ হয়েছে| শনিবারও একই সীমান্তে পুশইনের অপচেষ্টা চালালে বিজিবি ও স্থানীয় জনসাধারণকে প্রতিরোধ করতে দেখা গেছে|
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান জানান, গত কয়েকদিন ধরে বিএসএফ বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা চালাচ্ছে| পুশইন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে| স্থানীয় জনসাধারণও বিজিবিকে সহযোগিতা করে যাচ্ছেন| শনিবারও বিএসএফের কয়েক দফা চেষ্টা প্রতিহত করেছে বিজিবি|

নিজস্ব প্রতিবেদক 


























