বিনোদন ডেস্ক :: কার্তিকের হেমন্তে যেন বসন্তের রঙ ছড়িয়ে দিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। হলুদ পোশাক, মাথায় ফুলের ব্যান্ড আর ঠোঁটের কোণে মায়াবী হাসি- সব মিলিয়ে এক স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই ছবি প্রকাশের পরই মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরা।
ছবিতে তটিনীর সাজে রয়েছে একধরনের সরলতা ও স্নিগ্ধতা।
মুখের দুই পাশে ছড়িয়ে পড়া চুল, উড়ন্ত কামিজের আঁচল আর আঙুলে আলতো ছোঁয়ায় মুখ ঢেকে রাখা- পুরো অবয়বেই যেন লুকিয়ে আছে লাজুক মুগ্ধতা। মনে হচ্ছে, কোনো নাটকের দৃশ্য থেকে উঠে আসা এক বসন্তকন্যা।
তটিনীর হাসি বরাবরই ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের। এবারও তার ব্যতিক্রম হয়নি।
ছবির মন্তব্যঘরে এক ভক্ত লেখেন, ‘তোমার হাসিতে যেন মুক্তা ঝরে।’ আরেকজনের ভালো লাগার প্রকাশ, ‘ওহে হলদে পরি।’ কেউ আবার লেখেন, ‘তুমি আমার প্রথম ভালোবাসা।’ সব মিলিয়ে হলুদ সাজ আর মিষ্টি হাসিতে নেটিজেনদের মুগ্ধতায় ভাসছেন এই অভিনেত্রী।
শুটিংয়ের প্রয়োজনে অভিনয়শিল্পীদের নানা সাজে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। তটিনীর এই ছবিগুলোও তেমন কোনো মুহূর্তের বলে ধারণা করছেন ভক্তরা। কারও কারও অনুমান, গায়ে হলুদের দৃশ্যের ফাঁকেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এদিকে শুক্রবার (৬ নভেম্বর) প্রচারে আসছে তটিনী অভিনীত নতুন নাটক ‘মন দুনিয়া’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন তৌসিফ মাহবুব। ক্যাম্পাসের প্রেম, ত্রিভুজ অভিমান আর দীর্ঘ পারিবারিক টানাপড়েনের গল্পে নির্মিত হয়েছে নাটকটি। ইমরোল রাফাতের পরিচালনায় নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অভ্র মাহমুদ। ক্যাপিটাল ড্রামার ব্যানারে মুক্তি পায় এটি।

নিজস্ব প্রতিবেদক 






















