ডেস্ক রিপোর্ট : সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো বিএনপি পদযাত্রা শুরু করেছে। বুধবার (১৯ জুলাই) ঢাকা মহানগর আয়োজিত পদযাত্রাটি বেলা ১১টা ১০ মিনিটে আব্দুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে শুরু হয়েছে। এই পদযাত্রা বিকালে যাত্রাবাড়ীর চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
তবে পদযাত্রা শুরুর আগে বিএনপি সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সমাবেশ শেষে পদযাত্রা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল রাজধানীর পল্টন ও এর আশাপাশ এলাকায় পদযাত্রা করবে।
এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত এ যানজট দেখা গেছে।
বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে আব্দুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। রথযাত্রা শুরুর আগে থেকেই দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে এসে অবস্থান নিলে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অপরদিকে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত যানজটের কারণে ওই মহাসড়ক স্থবির হয়ে পড়ে। তীব্র যানজট এবং ভ্যাপসা গরমে বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত উড়াল সড়ক দিয়ে কিছু যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায়।
উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় কর্তব্যরত পুলিশ পরিদর্শক কাজী মিজান বলেন, মহাসড়ক দিয়ে বিএনপির পদযাত্রার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পদযাত্রাটি কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে বাড্ডা সড়কে প্রবেশ করলে যানজট আর থাকবে না।

নিজস্ব প্রতিবেদক 






















