সৈয়দ ছায়েদ আহমদ :
দেশের জেলা পর্যায়ের বিদ্যমান স্টেডিয়াম ও খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামোয় রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি শ্রীমঙ্গল এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন স্থাপনা নির্মাণের পাশাপাশি আগে থেকে থাকা মাঠ ও স্টেডিয়ামগুলোকে সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়াক্ষেত্রে একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন সম্ভাবনাময় খেলার নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ তৈরি করা হবে। এ লক্ষ্যে দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
স্টেডিয়ামগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
শ্রীমঙ্গলের ক্রীড়া অবকাঠামো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেট একাডেমির পাশাপাশি স্থানীয় মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় সুবিধা উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া শ্রীমঙ্গলের মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত দু’টি স্থানও পরিদর্শন করেন তিনি।
দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নগর এলাকার ওয়ার্ড পর্যায়েও ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। তরুণদের মাদক ও নানা ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত করতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও জানান, আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের যেসব খেলার মাঠ অবৈধ দখলে রয়েছে, সেগুলো উদ্ধার করে খেলাধুলার উপযোগী করতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়াই সরকারের লক্ষ্য নয়; সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সরকার। এ জন্য বছরব্যাপী প্রশিক্ষণ এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফরাজ আহমদ সরফুসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে প্রস্তাবিত মিনি স্টেডিয়াম নির্মাণে দুটি স্থান পরিদর্শন করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন।

নিজস্ব প্রতিবেদক 





















