ডেস্ক রিপোর্ট : ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় ল্যাং সোন প্রদেশে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছে। ১৬ আসনবিশিষ্ট একটি যাত্রীবাহী কোচ একটি সেমি ট্রেলার এবং একটি কন্টেইনার ট্রাকের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) এই কথা জানিয়েছে।
এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটের দিকে ভিয়েতনামের হুই লুং জেলার রুং ক্যাম ঢালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদপত্র ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সড়কে লাইট না থাকায় ঢালের অন্ধকার রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে বাম লেনে বিপরীত দিকে থেকে আসা একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে বাসটি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার সময় বাসটিতে একজন চালক ও ১৫ যাত্রী ছিল। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়।
ভিএনএ জানায়, দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুর্ঘটনার বিষয় তদন্ত করা হচ্ছে।
২০২৩ সালের প্রথম ১০ মাসে ভিয়েতনামে ৯,৮২৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দেশটিতে ৫,৪৯৬ জন নিহত এবং ৬,৯৭৩ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



























