ডেস্ক রিপোর্ট :: গত বছর জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চীনে এসেছিল বিশ্বজয়ী আর্জেন্টিনা। এই বছর আবারও চীন সফরে আসছে লিওনেল মেসির দল। সামনেই আর্জেন্টিনার সামনে রয়েছে কোপা আমেরিকা। এর আগে নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়ার দেশটিতে আসবে বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অফিশিয়াল বিবৃতির মাধ্যমে খবরটি জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফ)।
তারা জানিয়েছে, ‘আগামী মার্চে নাইজেরিয়া ও আইভরি কোস্টের সঙ্গে ম্যাচ দুটি হবে। চীনের ফুটবল উন্মাদনা ও বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে এএফএ।’ জু অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে নাইজেরিয়ার মুখোমুখি হবেন মেসি-ডি মারিয়া। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটি হবে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। যার দিনক্ষণ ঠিক হয়নি।
কোপা আমেরিকার আগে এ দুটি ম্যাচ আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক সূচি। তাই তো এই টুর্নামেন্ট শুরুর আগে এই ম্যাচগুলোতে অবশ্যই জয় পেতে চাইবে আলবিসিলেস্তেরা।

নিজস্ব প্রতিবেদক 



























