ডেস্ক রিপোর্ট : ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। শেষ চারে উঠে এসেছে বর্তমান ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল- ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড।
একদিকে লিওনেল মেসি, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের মতো তারকাদের উপস্থিতি অনেকের মনেই প্রশ্ন তুলেছে, বিশ্বকাপের ইতিহাসে এটিই কি সবচেয়ে শক্তিশালী সেমিফাইনাল লাইনআপ?
১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাংকিং চালুর পর এই প্রথম র্যাংকিংয়ের শীর্ষ চার দল একই বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বর্তমান এক নম্বর দল ফ্রান্সকে নেতৃত্ব দিচ্ছেন এমবাপ্পে।
তার সঙ্গে রয়েছেন সদ্য ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। আক্রমণভাগে মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা ও দেজিরে দুয়ের মতো ফুটবলার থাকায় ফরাসিদের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার নেতৃত্বে আছেন লিওনেল মেসি। ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর এবারও শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপ ধরে রাখতে পারলে মেসির সর্বকালের সেরা ফুটবলারের মর্যাদা আরও শক্ত ভিত্তি পাবে।
তৃতীয় স্থানে থাকা স্পেনের সবচেয়ে বড় আকর্ষণ ইয়ামাল। মৌসুমের শেষ দিকে চোটে পড়লেও বিশ্বকাপে ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছেন এই তরুণ। শক্তিশালী রক্ষণ ও দ্রুতগতির আক্রমণভাগ নিয়ে স্পেনও শিরোপার অন্যতম দাবিদার।
অন্যদিকে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডকে র্যাংকিংয়ে নিচে রাখা হলেও দলটির প্রতি প্রত্যাশা কম নয়। হ্যারি কেইনের অভিজ্ঞতার পাশাপাশি বেলিংহ্যামের দুর্দান্ত পারফরম্যান্স ইংল্যান্ডকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। অনেকের মতে, জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠতে পারেন বেলিংহ্যাম।

নিজস্ব প্রতিবেদক 



























