স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের উপস্থিততে আসামী ধরার নামে দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারী) সদর থানার শ্যামরা বাজারে মারুফ এন্টারপ্রাইজে এই ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, সদর থানার বৈরীদলন গ্রামের মারুফ আহমদ এর পুত্র শাকিল আহমদকে একটি মামলার অভিযোগে সদর থানা পুলিশ গ্রেফতারের জন্য শ্যামরা বাজারে মারুফ এন্টারপ্রাইজে তার পিতার দোকানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতিতে শাকিল আহমদ এর রাজনৈতিক প্রতিপক্ষরা তার পিতার দোকানে হামলা ও ভাংচুর তান্ডব চালায়। এসময় দোকানের ভেতরের মালামাল লুটপাটসহ শাকিলকে না পেয়ে তাঁর ছোট ভাইয়ের ওপর হামলা চালায়। শাকিল আহমেদ এর চাচা মাহমুদুর রহমান জানান, সে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকার কারনে বার বার তার প্রাননাশের চেষ্টা করা হয়েছে। এমনকি তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। প্রাণ বাঁচাতে সে পালিয়ে বেড়াচ্ছে।
পুলিশের উপস্থিতিতে দোকান লুটপাট ও ভাংচুরের বিষয় মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জের আবু ছালেক এর সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘ দিন ধরে পালাতক আসামী শাকিল আহমদকে ধরতে পুলিশ শ্যামরা বাজারে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতিতে দোকানে কোন লুটপাট বা ভাংচুর হয়েছে বলে তিনি কোন খবর জানেন না।

নিজস্ব প্রতিবেদক 


























