ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে এখন মধ্য ও পূর্বাঞ্চলের দিকে বিস্তৃত হচ্ছে তীব্র দাবদাহ। অন্যদিকে আফ্রিকার দেশ আলজেরিয়ায় দাবদাহের কারণে সৃষ্ট দাবানলে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
মার্কিন জলবায়ুবিষয়ক পূর্বাভাস কেন্দ্র জানায়, আগামী আরও দুই সপ্তাহ দাবদাহ অব্যাহত থাকবে। মধ্য-পশ্চিম অঞ্চল থেকে শুরু হওয়া এই দাবদাহ বুধবার নাগাদ দক্ষিণ অঞ্চল হয়ে পূর্ব দিকে বিস্তৃত হবে, পৌঁছুবে ফ্লোরিডা অঙ্গরাজ্যে।
এ অবস্থায় সতর্ক করা হয়েছে দেশটির ৫ কোটি ৬০ লাখ মানুষকে।
এর আগে রোববার নেভাদায় ৪৫ ডিগ্রি, অ্যারিজোনায় ৪৩ ও টেক্সাসে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা।
কর্তৃপক্ষ বলছে, এপ্রিল থেকে এ পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে দাবদাহের কারণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে আলজেরিয়ায়। ১৬টি প্রদেশে অন্তত ৯৭টি দাবানল ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্য থেকে সরিয়ে নেওয়া হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষকে।

নিজস্ব প্রতিবেদক 




























