বিনোদন ডেস্ক :: বাংলাদেশের লোকসংগীত ও মরমি সাধনার চর্চা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে আবারও বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন লালনশিল্পী সূচনা শেলী। কিরগিজ প্রজাতন্ত্রে ষষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসের সাংস্কৃতিক আয়োজনে ফোক গানের প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
এই শিল্পীর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তার ব্যান্ড দল ‘দিব্যজ্ঞানী’।
এই আয়োজনে বাংলার মরমি সাধক লালন শাহ, হাসন রাজা ও মাতাল রাজ্জাক দেওয়ানের গান পরিবেশন করে ‘দিব্যজ্ঞানী’।
এর মধ্যদিয়ে উঠে আসে বাংলার আধ্যাত্মিক দর্শন, মানবতাবাদ ও লোকজ সংস্কৃতির নানা দিক।
এর আগে ২০২৫ সালে কিরগিজস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়ে শতাধিক দেশের প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন সূচনা শেলী।
সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তার দল ‘দিব্য জ্ঞানী’কে নিয়ে আন্তর্জাতিক নোমাডিক গেমসের আয়োজনে আমন্ত্রণ পান তিনি।
লালন শাহের দর্শন ও মানবতাবাদী চিন্তা সূচনা শেলীর শিল্পচর্চার অন্যতম প্রধান অনুপ্রেরণা।
পাশাপাশি বাংলার লোক ও মরমি সংগীতের বিভিন্ন ধারার গানও পরিবেশন করেন তিনি। তার পরিবেশনায় ভবা পাগলা, মনমোহন দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিম ও মাতাল রাজ্জাক দেওয়ানসহ বিভিন্ন সাধক ও লোকশিল্পীর গান স্থান পায়।
সূচনা শেলীর কাছে লোকগান শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি বাংলার মানুষের জীবনবোধ, আত্মঅনুসন্ধান, দর্শন ও মানবিকতার প্রকাশ। সেই ভাবনা থেকেই দেশীয় লোকসংগীতকে আন্তর্জাতিক শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আসছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক 






















