ডেস্ক রিপোর্ট : রেকর্ড ভাঙছেন, একের পর এক মাইলফলক ছুঁচ্ছেন, তবু নিজের অর্জন নিয়ে আত্মতুষ্ট নন বিরাট কোহলি। বরং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে নিজের তুলনা করতেই নারাজ ভারতের এই ব্যাটিং তারকা।
রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। তার ব্যাটে ভর করে ২৯৬ রানের লক্ষ্য ৪১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে পেরিয়ে যায় ভারত।
তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা।
ইনিংসের পথে নতুন এক রেকর্ডও গড়েন কোহলি।
ওয়ানডেতে ১৫ হাজার রান পূর্ণ করেন তিনি, এই কীর্তি গড়া ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার কোহলি। এর আগে একমাত্র শচীন টেন্ডুলকারই এই মাইলফলক ছুঁয়েছিলেন।
গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আলজারি জোসেফের বলে মিডউইকেটের দিকে দারুণ পুল শটে চার মেরে ১৫ হাজার রানে পৌঁছান কোহলি। এরপর দুই হাত ওপরে তুলে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন তিনি।
শচীনের রেকর্ড ভেঙে ওয়ানডেতে দ্রুততম ১৫ হাজার রান পূর্ণ করার পর আরও একটি জায়গায় তাকে ছাড়িয়ে যান কোহলি। ভারতের মাটিতে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনি। শচীন দেশের মাটিতে ১৬৪ ম্যাচে করেছিলেন ৬ হাজার ৯৭৬ রান। তাকে ছাড়িয়ে যেতে কোহলির প্রয়োজন ছিল ১১০ রান।
ওয়ানডেতে এটি কোহলির ৫৫তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা এখন ৮৬টি। দীর্ঘদিন ধরেই শচীনের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বর্তমানে কোহলি ৮৬ সেঞ্চুরিতে আছেন। একমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলা কোহলি আগামী মাসে ৩৮ বছরে পা দেবেন।
তবে এসব রেকর্ড বা শচীনের সঙ্গে তুলনা নিয়ে মাথা ঘামাচ্ছেন না কোহলি।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার কাছে শচীন পাজি সব সময়ই শচীন পাজি। এমএস ধোনিও সব সময় আমার প্রথম অধিনায়ক হিসেবে এমএস ধোনিই থাকবেন। আমার ভেতরে এসব কখনো বদলাবে না। আমি কখনো নিজেকে এমন একজন হিসেবে দেখিনি, যে অনেক কিছু অর্জন করে ফেলেছে। এমন কোনো জায়গায় আপনি কখনো পৌঁছাতে পারবেন না, যেখানে বলবেন, এটাই শেষ, আমি সব করে ফেলেছি।’
কোহলি আরও বলেন, ‘আপনি সন্তুষ্ট থাকতে পারেন। কিন্তু মাথা নিচু রেখে, বিনয়ী থেকে পারফর্ম ও প্রস্তুতি চালিয়ে যেতে হয়। খেলাধুলায় অহংকারের জায়গা থেকে আপনি কখনো এমন অবস্থানে যেতে পারবেন না, যেখানে বলবেন, আমি সবার চেয়ে ভালো। কারণ সেখানেই আপনার শেষ।’
শচীন সম্পর্কে কোহলি বলেন, ‘তিনি তার সময়ে খেলাটাকে বদলে দিয়েছিলেন। আমার কাছে এটি সংখ্যার চেয়েও অনেক বড় বিষয়, তুলনারও বাইরে। মানুষের ওপর তিনি যে প্রভাব রেখে গেছেন, তা কখনো ভোলার নয়।’
নিজেকে নিয়ে ভক্তদের ধারণা নিয়েও কথা বলেছেন কোহলি। তার মতে, দূর থেকে তাকে দেখে মানুষ যে ধারণা তৈরি করেন, বাস্তবে তিনি নিজেকে সেভাবে দেখেন না।
কোহলি বলেন, ‘যারা খেলাটাকে সত্যিই ভালোবাসেন এবং দেশের হয়ে আমার পারফরম্যান্সের প্রশংসা করেন, তারা যখন আমার সঙ্গে দেখা করেন, তখন একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। আমি তাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বুঝতে পারি না। তারা আমাকে যেভাবে তৈরি করে নিয়েছেন, আমি নিজেকে সেভাবে দেখি না। কারণ তারা আমাকে দূর থেকে চেনেন। তারা আমার পারফরম্যান্স এবং ক্রিকেট খেলাটা দেখেছেন।’
ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বর্তমানে দ্বিতীয় কোহলি। ২০২৫ সালের অক্টোবরে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে ওঠেন তিনি। সাঙ্গাকারার ওয়ানডে রান ১৪ হাজার ২৪৩।
এই তালিকায় তৃতীয় সাঙ্গাকারা। চতুর্থ স্থানে আছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং, যার রান ১৩ হাজার ৭০৪। পঞ্চম স্থানে সাবেক শ্রীলঙ্কান ওপেনার সনাথ জয়াসুরিয়া, তার রান ১৩ হাজার ৪৩০।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোববারের ম্যাচে ৪০ বলে নিজের ৮০তম ওয়ানডে ফিফটিও পূর্ণ করেন কোহলি।
ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে ৫০তম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন তিনি। এখন সেই সংখ্যা ৫৫।

নিজস্ব প্রতিবেদক 
























