সৈয়দ ছায়েদ আহমেদ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৩০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযানের সময় আরও একজন পালিয়ে গেলে তাকে গ্রেফতারে অভিযান চলছে।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকায় অভিযান চালিয়ে রুবেল মিয়া (৪১)-এর কাছ থেকে ৩৯ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার ভাই আব্দুল মতিন (৫৫) পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা সংরক্ষণের কথা স্বীকার করেন।
একই দিনে আরেক অভিযানে আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩) ও মজনু মিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১ কেজি ৩০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারাও মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা মজুদের কথা স্বীকার করেছেন।
ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 






















