বিনোদন ডেস্ক :: অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ভালো গানও করেন। সুযোগ পেলেই যেকোনো আড্ডায় গিটার বাজিয়ে গানে মাতিয়ে রাখেন বন্ধুদের।
ইতিপূর্বে স্টেজেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।
এবার প্রথমবারের মতো একক কনসার্টে গাইতে যাচ্ছেন তিনি।
তবে দেশে নয়, আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্ট।
এ বিষয়ে অপূর্ব সামাজিকমাধ্যমে লেখেন, ‘সত্যি বলতে, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব, কখনো কল্পনাও করিনি।
এত ভালোবাসা দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা আমার জন্য আরও বেশি বিশেষ হয়ে উঠেছে।
’
অপূর্বর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করা পোস্টার থেকে জানা যায়, দুই ঘণ্টার এই অনুষ্ঠানের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ ডলার ও ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং প্রায় ৩৭ হাজার টাকা। আয়োজকদের ভাষ্য, আসনসংখ্যা সীমিত।
পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে, এটি হবে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’- অর্থাৎ স্মরণীয় একটি সংগীত সন্ধ্যা। নাটকের জনপ্রিয় এই অভিনেতাকে এবার ভিন্ন এক পরিচয়ে, গায়ক হিসেবে মঞ্চে দেখতে মুখিয়ে আছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি দর্শকরা।
বলে রাখা যায়, গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ের পর থেকে বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটান এই অভিনেতা। সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন তার স্ত্রী ও কন্যা।
সবশেষ সালেহ সোবহান অনীম পরিচালিত ‘হেডলাইন’ ওয়েব সিরিজে দেখা গেছে অপূর্বকে। এতে সাংবাদিক জহির চরিত্রে প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়। গেল জুনে মুক্তি পাওয়া হেডলাইন দিয়ে দুই বছর পর ওটিটিতে ফিরেছেন অপূর্ব। এর আগে ২০২৪ সালে ‘গোলাম মামুন’ নামের ওয়েব সিরিজে কাজ করেছিলেন।
জানা গেছে, দেশে ফিরে অপূর্ব শুরু করবেন ‘গোলাম মামুন ২’ সিরিজের কাজ। এবার সিরিজটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।

নিজস্ব প্রতিবেদক 


























