আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুহা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত পাঁচজনই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানসেহরা জেলার বাসিন্দা।
তাদের নাম মুহাম্মদ সাঈদ, আবিদ হুসাইন, আবদুর রহমান, মুহাম্মদ সাফির ও মুহাম্মদ রুস্তম।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত পাকিস্তান দূতাবাস।
এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, তাদের কর্মকর্তারা সৌদি পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
দূতাবাস আরও জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের সৌদি আরবে দাফন অথবা তাদের মরদেহ পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এ দুর্ঘটনায় সৌদি আরবে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিজস্ব প্রতিবেদক 























