ডেস্ক রিপোর্ট : ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের দেশের সামগ্রিক পরিস্থিতি ও সরকারের অবস্থান সম্পর্কে অবহিত করার পর আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ ছাড়া অন্য কোনোভাবে দেশে ফিরতে দেওয়া হবে না।
তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে সন্ত্রাসী বলতে কাদের বোঝানো হয়েছে, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘সন্ত্রাসী তো একজনই-আওয়ামী সন্ত্রাসবাদ। বাংলাদেশের মানুষ সন্ত্রাসবাদ এক জায়গা থেকেই দেখে-আওয়ামী সন্ত্রাসবাদ, যা দিল্লি থেকে হাসিনা আপার পৃষ্ঠপোষকতায় চলছে।
বাংলাদেশের মানুষ এখন এই গোষ্ঠীর লোককেই সন্ত্রাসী হিসেবে চেনে।’
এ সময় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা সংক্রান্ত প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাস্তবতা আর আকাঙ্ক্ষা দুই জিনিস। আপনাকে এ দুটির মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হলো, একজন সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া অন্য কোনোভাবে দেশে ফিরে আসার অনুমতি কখনোই দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা যেতে পারে।
দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সরকার আত্মবিশ্বাসী। কারণ, জনগণের ভোটে নির্বাচিত সরকারের দেশের মানুষের কাছে শক্ত অবস্থান রয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে জনগণকে আস্থায় নিয়েই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। এসব করে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হলেও মানুষ আতঙ্কিত হচ্ছে না। বরং এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই আতঙ্কিত হচ্ছে।
আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা’ এখন তাদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং তাদের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এ ধরনের কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষ তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।
সরকারের অবস্থান আরও কঠোর হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 





















