স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদল নেতা তানভীর আহমদ শুভনের ওপর ব্যবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী আখতার উদ্দিনের লোকেরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৬টার দিকে চাঁদনীঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন, শামছুল, জিলানসহ বেশ কয়েকজন একযোগে শুভনের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় গুরুতর আহত হয়ে তানভীর শুভন মাটিতে লুটিয়ে পড়েন ও অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। রিপোর্ট লেখার সময় পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা ব্যবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী আখতার উদ্দিনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তারা আরও জানান, অনেক আগে থেকে আখতার উদ্দিনের হয়ে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য তানভীরকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তানভীর এতে রাজি না হওয়ায় তার প্রতি ক্ষোভ জন্মে এবং পূর্ব পরিকল্পিত ভাবে তাকে মারার পরিকল্পনা করা হয়, যার ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে।
অপরদিকে আহত তানভীর আহমদ শুভন আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম ভমর-এর একজন সক্রিয় কর্মী এবং তার নির্বাচনী প্রচারণায় সরাসরি যুক্ত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর ২০২১ চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনী উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা আরও জানান, ভিন্নমতাবলম্বীদের রাজনৈতিকভাবে দমন করতেই এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে”।
তবে অভিযোগ থাকলেও এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

নিজস্ব প্রতিবেদক 




























