সৈয়দ ছায়েদ আহমেদ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, এনডিসি।
সভায় আয়োজকরা জানান, আসন্ন হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ এ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে সম্ভাবনা রয়েছে।
ফেস্টিভ্যাল আয়োজনকে সফল করতে সভায় ভেন্যু নির্বাচন, সম্ভাবনা, প্রতিবন্ধকতা, নিরাপত্তা ব্যবস্থা ও আবহাওয়া পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় মতামত তুলে ধরেন ফিনলে চা বাগানের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, গ্র্যান্ড সেলিম রিসোর্টের স্বত্বাধিকারী সেলিম মিয়া, রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তারেকুর রহমান পাপ্পু, গ্রীন লিফ গেস্ট হাউসের স্বত্বাধিকারী এস কে দাস সুমন, স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী এম এ রকিব, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) জাবেদ হোসেন এবং মণিপুরী সম্প্রদায়ের নারী উদ্যোক্তা জয়া শর্মা প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), পর্যটন পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, হোটেল-রিসোর্ট মালিক প্রতিনিধি, চা বাগান মালিক প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি এবং হারমোনি ফেস্টিভ্যাল সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুর রউফ বলেন, ‘শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের বিকাশে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে। ভবিষ্যতেও এ খাতকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।’
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, হারমোনি ফেস্টিভ্যাল শ্রীমঙ্গলকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক 




















