ডেস্ক রিপোর্ট :: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ১০৩ রান করেও ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিংয়ে ধস নামলেও বোলারদের দারুণ নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।
এই জয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এরপরও জুটি গড়ার চেষ্টা করেন ব্যাটাররা। কিন্তু ৫৫ রানেই ৬ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে দল।
সেখান থেকে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন শারমিন আক্তার সুপ্তা।
দ্রুত উইকেট পড়ে যাওয়ার বিষয়ে শারমিন বলেন, ‘মাঝেমধ্যে এরকম দ্রুত উইকেট পড়ে যেতেই পারে।
আমার মনে হয়েছে তখন টিকে থেকে টেলএন্ডারদের সঙ্গে জুটি বানানো দরকার ছিল। কারণ শুরুতে যখন ৫-৬ উইকেট হারিয়ে ফেলবেন, তখন কিছুটা বিপদে তো পড়বেন।’
মাত্র ১০৩ রানেই থেমে যাওয়ার পরও কেন সন্তুষ্ট ছিলেন, তা জানিয়ে শারমিন বলেন, ‘আলহামদুলিল্লাহ যে একশ পার করতে পেরেছি। আমরা আমাদের বোলিং নিয়ে আগেই জানতাম, তাই রান নিয়ে সন্তুষ্ট ছিলাম।’
শেষ পর্যন্ত শারমিনের সেই আত্মবিশ্বাসই কাজে লাগান বাংলাদেশের বোলাররা। আমিরাতকে ৬৯ রানে আটকে দিয়ে ৩৪ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।
সেমিফাইনালে ভারতের মতো শক্তিশালী দলের মুখোমুখি হবে টাইগ্রেসরা। তবে এই ম্যাচকে চাপ হিসেবে দেখছেন না শারমিন।
তিনি বলেন, ‘আমাদের জন্য ব্যাপারটা আনন্দের। আমরা ভারতের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি, তারা শীর্ষ দল। যদি চ্যাম্পিয়ন হতে চান, তাহলে এমন দলের বিপক্ষে খেলতেই হবে।’
ব্যাটিংয়ে নিজের পারফরম্যান্স নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নন শারমিন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে সবাই চার-ছক্কা দেখতে চায়। বাউন্ডারি দেখতে চায়। সেগুলো এনে দিতে হলে ভালো পিচ দরকার। তবে প্লেয়ার হিসেবে তো মানিয়ে নিয়ে খেলতেই হবে।’

নিজস্ব প্রতিবেদক 






















