ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনে ব্যাপক হতাহতের ঘটনায় সরকারের দায় উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটারবিহীন সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। এ কারণেই সড়ক ও নৌপথসহ সব জনপথে নৈরাজ্য চলছে। সুগন্ধায় লঞ্চে আগুনে এত হতাহত বর্তমান সরকারের দুঃশাসনেরই প্রতিফলন।
তিনি বলেন, সর্বত্র সরকারি দলের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষের জীবনহানিসহ প্রচণ্ড জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। মানুষ হত্যার বীরত্বে আওয়ামী সরকার দারুন উল্লসিত। সরকারের কারণেই সারাদেশে সর্বত্র অনিয়ম ও বিশৃঙ্খলার রাজত্ব। শুক্রবার (২৪ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় এখন শকুন ও হায়েনাদের জয়জয়কার মন্তব্য করে রিজভী বলেন, ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ‘জেনারেল লাইসেন্স’ দেওয়ার কারণে দেশজুড়ে পৈশাচিক, লোমহর্ষক ঘটনার এক ভয়াবহ দুর্দিন বিস্তার লাভ করেছে।
তিনি কক্সবাজারে গৃহবধূর ওপর নির্মম পাশবিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় তিনি বলেন, ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন বহু যাত্রী। বহু লোকের প্রাণহানি হয়েছে। অগ্নিদগ্ধরা হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মর্মান্তিক এ ঘটনা হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। আমরা শোকের ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

নিজস্ব প্রতিবেদক 




























