আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি এই বিমান হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।
এদিকে এই এই হামলার জেরে ওই বিমানবন্দরে ভূমিকম্প-বিধ্বস্ত মানুষের জন্য মানবিক সহায়তা বহনকারী ফ্লাইট বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইসরায়েলের ওই হামলায় ‘একজন সিরীয় কর্মকর্তা’ এবং অজ্ঞাত জাতীয়তার আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার গভীর রাত ২টার দিকে এই হামলার ঘটনাটি ঘটে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি শত্রুরা লাতাকিয়ার পশ্চিমে ভূমধ্যসাগর থেকে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।’
এতে আরও বলা হয়েছে, হামলার জেরে সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে কর্তৃপক্ষ বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বন্ধ করতে বাধ্য করেছে।
সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলেমান খলিল এএফপিকে বলেছেন, গত মাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে আলেপ্পোতে এখন পর্যন্ত ৮০টিরও বেশি ত্রাণবাহী ফ্লাইট অবতরণ করেছে।
হামলার ফলে রানওয়ে বন্ধ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষতি মেরামত না হওয়া পর্যন্ত এখানে আর কোনও ত্রাণবাহী ফ্লাইট অবতরণ করা সম্ভব নয়।’
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিবির্তিত পরিস্থিতিতে ত্রাণবাহী ফ্লাইটগুলোকে দামেস্ক এবং লাতাকিয়া বিমানবন্দরের দিকে পাঠানো হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ‘শত্রু ক্ষেপণাস্ত্রের’ বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
অবশ্য ইসরায়েলের সামরিক মুখপাত্র আলেপ্পো বিমানবন্দরে এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, মেরামতের কাজ শেষ হলে কয়েকদিনের মধ্যে বিমানবন্দরটি আবার চালু হবে বলে আশা করা হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দামেস্কের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক 

























