আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে নতুন কৌশল প্রয়োগ করে উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ‘অপারেশন বিয়ার ট্র্যাপ’ নামে বিশেষ অভিযানের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের কয়েকশ বর্গকিলোমিটার এলাকা রুশ সেনাদের দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
একইসঙ্গে রুশ সেনাদের হতাহতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
শুক্রবার (২৭ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর ইউক্রেনের নতুন সামরিক অভিযানের বিস্তারিত প্রকাশ্যে আসে। চলতি বছরে রাশিয়ার বিরুদ্ধে এটি ইউক্রেনের চতুর্থ বড় অভিযান।
এর প্রায় এক মাস আগে রাশিয়া দাবি করেছিল, সীমান্তবর্তী ভেলিকি বুরলুক শহরের কাছে একটি এলাকায় প্রায় ২ হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলেছে তারা।
এ পরিস্থিতিতে সেনাদের ঘেরাওয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে ইউক্রেনের সামরিক কমান্ডাররা ‘অপারেশন বিয়ার ট্র্যাপ’ শুরু করেন।
অভিযানে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা, গোপনীয়তা বজায় রাখা এবং একাধিক দিক থেকে আক্রমণের কৌশল নেওয়া হয়।
অভিযানের প্রথম পর্যায়ে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার তৈরি টি-৮০ এবং যুক্তরাষ্ট্রের তৈরি এম-১ আব্রামস ট্যাংক নিয়ে সীমান্তবর্তী ভিলহুভাতকা শহরে হামলা চালান। এতে রুশ বাহিনী ধারণা করে, ইউক্রেনের মূল আক্রমণ ওই দিক থেকেই আসবে। তবে প্রকৃত কৌশল ছিল ভিন্ন। ইউক্রেনীয় সেনারা পেছন দিক থেকে রুশ বাহিনীর শক্তিবৃদ্ধির জন্য আসা সেনাদের ওপর হামলা চালান। একইসঙ্গে ড্রোনের মাধ্যমে রুশ সেনাদের রসদ সরবরাহের পথেও মাইন পেতে রাখা হয়।
ইউক্রেনের সামরিক কমান্ডের দাবি, এ অভিযানে এখন পর্যন্ত ২শ বর্গকিলোমিটার এলাকা ও ১৪টি বসতি রুশ দখল থেকে মুক্ত করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। তবে খারকিভের সীমান্তবর্তী অন্তত চারটি গ্রাম এখনো রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। ইউক্রেনের দাবি, প্রায় ৫০০ বর্গকিলোমিটার এলাকা দখলের রুশ পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
এর আগে চলতি বছর পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক ও দ্রুজকিভকার প্রতিরক্ষাবলয় ঘিরে ফেলার রুশ প্রচেষ্টাও ব্যর্থ করে দেয় ইউক্রেন। ওই সময় ‘অপারেশন ভিভালদি’ পরিচালনার মাধ্যমে রুশ বাহিনীর অগ্রযাত্রা থামানো হয়।
যুদ্ধের পাশাপাশি ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলে তাদের সেনারা সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখেছেন। রুশ বাহিনীর হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের সামরিক যান ধ্বংস করা হচ্ছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, ২৪ নভেম্বর পর্যন্ত যুদ্ধে রাশিয়ার মোট সেনা হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জনে। পরদিন নভেম্বর মাসে রুশ সেনা হতাহতের সংখ্যা ৫৫ হাজার ৬২৯ জনে পৌঁছায়, যা এক মাসে সর্বোচ্চ বলে দাবি করেছে কিয়েভ।

নিজস্ব প্রতিবেদক 





















