আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টিতে মেয়র, কাউন্সিলরসহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দ্বীপটির বড় কয়েকটি শহরে এবার প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে।
সন্ধ্যার শুরুতেই ফলাফল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্কুল, মন্দির ও কমিউনিটি সেন্টারে ভোট দিচ্ছেন ভোটাররা।
‘নাইন-ইন-ওয়ান’ নামে পরিচিত এ নির্বাচনে স্থানীয় সরকারের নয় ধরনের পদে প্রায় ১১ হাজার জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
তাইপেতে মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই
এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার একটি হচ্ছে রাজধানী তাইপের মেয়র পদে।
শহরটি ঐতিহ্যগতভাবে বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
গত নির্বাচনে দুই অঙ্কের ব্যবধানে জয়ী কেএমটির বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন এবার ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেনের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। চিয়াংকে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থী হিসেবেও বিবেচনা করা হয়।
শেন একজন শিক্ষাবিদ থেকে রাজনীতিতে আসা আইনপ্রণেতা। চীনের তথ্যযুদ্ধ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তিনি। চীন তার কঠোর সমালোচনা করেছে। এমনকি চীনা পুলিশ তাকে ‘বিচ্ছিন্নতাবাদ’-এর অভিযোগে খুঁজছে বলেও জানিয়েছে।
শুরুতে পিছিয়ে থাকলেও নির্বাচনী প্রচারে বড় জনসমাগম ঘটিয়েছেন শেন। নেভাডা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অস্টিন ওয়াং বলেছেন, কেএমটির শক্ত ঘাঁটিতে শেন জয়ী হলে বেইজিংয়ের জন্য তা বেশ বিব্রতকর হতে পারে।
চিয়াং তার সমর্থকদের বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে।
নির্বাচনী প্রচারের শেষ দিনে যানজটের আশঙ্কায় সরাসরি সমাবেশ বাতিল করে অনলাইনে অনুষ্ঠানের আয়োজন করেন শেন। ইউটিউবে তার ওই আয়োজনে পাঁচ লাখের বেশি দর্শক যুক্ত হন।
এদিকে ডিপিপির প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে প্রতিবেশী নিউ তাইপে সিটির এক সমাবেশে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।
তাইওয়ানের সবচেয়ে জনবহুল শহর নিউ তাইপে সিটি এবং দক্ষিণাঞ্চলীয় কাওশিয়ুংয়ের মেয়র পদেও গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নিউ তাইপে সিটির বর্তমান মেয়র কেএমটির, অন্যদিকে কাওশিয়ুংয়ের মেয়র পদটি ডিপিপির দখলে।
নির্বাচনে চীনের চাপ
এ নির্বাচনের ফলাফল সরাসরি তাইওয়ানের চীননীতি পরিবর্তন করবে না। নির্বাচনী প্রচারে পরিবহন, শিশুযত্ন ও পরিবেশের মতো স্থানীয় বিষয়গুলোই বেশি গুরুত্ব পেয়েছে। তবে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা চীন বারবার এ নির্বাচনে বক্তব্য দিয়েছে। বেইজিংও ভোটের ফলাফলের দিকে নজর রাখছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শুক্রবার থেকে শনিবারের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির যুদ্ধবিমানের প্রায় ৩৩টি উড্ডয়ন শনাক্ত করা হয়েছে। এসব বিমানের মধ্যে বোমারু ও যুদ্ধবিমানও ছিল, যেগুলো তাইওয়ানের দিকে উড়ে যায়।
তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল সতর্ক করে বলেছে, ‘কগনিটিভ ওয়ারফেয়ার’ বা মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার এবং ‘ট্রান্সন্যাশনাল রিপ্রেশন’ বা আন্তদেশীয় দমন-পীড়নের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করছে বেইজিং।
চার বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে কেএমটি ১৪টি শহর ও কাউন্টিতে জয়ী হয়েছিল। ডিপিপি পেয়েছিল পাঁচটি। বাকি তিনটিতে জয়ী হয় অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। কেএমটি ঐতিহ্যগতভাবে বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে, অন্যদিকে ডিপিপি তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে।
বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনের ফলাফল দিয়ে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ফলাফল নির্ভরযোগ্যভাবে অনুমান করা যায় না। ২০২৮ সালের শুরুর দিকে তাইওয়ানে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বর্তমান প্রেসিডেন্ট লাই দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচন ঘিরেও হিসাব-নিকাশ
স্থানীয় নির্বাচনের পরপরই কেএমটি তাদের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ঠিক করার বিষয়ে আলোচনা শুরু করতে পারে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিদায়ী তাইচুং মেয়র লু শিউ-ইয়েন এবং পার্লামেন্টের স্পিকার হান কুও-ইউ।
কেএমটির চেয়ারওম্যান চেং লি-ওয়েনকেও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত এপ্রিলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তবে নির্বাচনে দল খারাপ ফল করলে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর চাপের মুখে পড়তে পারেন চেং।

নিজস্ব প্রতিবেদক 





















