ডেস্ক রিপোর্ট : ‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য’- এই আবেগঘন কথায় মা হারানোর বেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি মায়ের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার পর দেওয়া ওই স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, ‘আমার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
’
তিনি লেখেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।
তারেক রহমান বলেন, ‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে; নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।
গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।’
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও খালেদা জিয়া ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক- এমন একজন আলোকবর্তিকা, যার অপরিসীম ভালোবাসা পরিবারের সদস্যদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন এবং সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম পরিবারের প্রতিটি সদস্যের মাঝে সঞ্চার করেছিলেন বলে উল্লেখ করেন তারেক রহমান।
তিনি লেখেন, দেশের জন্য খালেদা জিয়া স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। তাই এই দেশ ও এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা ও তার অস্তিত্ব। তিনি জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস রেখে গেছেন, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্ট্যাটাসের শেষাংশে তারেক রহমান দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া চান। একইসঙ্গে খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধার জন্য তিনি ও তার পরিবার চিরকৃতজ্ঞ বলেও উল্লেখ করেন।

নিজস্ব প্রতিবেদক 























