ডেস্ক রিপোর্ট : মাত্র ৯ মাসেই শেষ হলো স্তেফানো পিওলির সৌদি অভিযান। ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানেদের ক্লাব আল নাসরের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এই অভিজ্ঞ ইতালিয়ান।
বুধবার এক বিবৃতিতে কোচ ও ক্লাব জানায়, পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করা হয়েছে পিওলি ও তার কোচিং স্টাফের সঙ্গে। বিদায়ী কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সৌদি প্রো লিগের দলটি।
২০২৩ সালের সেপ্টেম্বরে আল নাস্রের দায়িত্ব নিয়েছিলেন পিওলি। তার আগেই ক্লাবটি ছাড়েন পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রো। ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক কোচ পিওলি দায়িত্ব নেয়ার পর, সৌদি প্রো লিগের শেষ মৌসুমে দলকে তৃতীয় স্থানে রেখেই আসর শেষ করেন। চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের থেকে তাদের পেছিয়ে পড়তে হয় ১৩ পয়েন্টে।
পিওলির বিদায়ের খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সংক্ষেপে লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ। ’
তবে আল নাসরে রোনালদোর ভবিষ্যত নিয়ে জল্পনা বাড়ছেই। ২০২৩ সালে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরব পাড়ি জমানো এই মহাতারকার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। গুঞ্জন রয়েছে, ৪০ বছর বয়সী রোনালদো ক্লাব ছাড়তে পারেন। যদিও বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোনালদোকে ধরে রাখতে আত্মবিশ্বাসী আল নাসর কর্তৃপক্ষ। কোচিং ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় সময় কাটিয়েছেন এসি মিলানে। ২০১৯ সালে দায়িত্ব নেয়ার পর তার অধীনেই এক দশকের খরা কাটিয়ে ২০২১-২২ মৌসুমে সেরি আ শিরোপা জেতে দলটি। পাশাপাশি ২০২২-২৩ মৌসুমে দলকে পৌঁছে দেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে।
এই মুহূর্তে গুঞ্জন রয়েছে, পিওলি আবারও ইতালির ফিওরেন্তিনায় যোগ দিতে পারেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখনও।
1:42 pm, Wednesday, 18 November 2026
News Title :
আল নাসর ছাড়লেন পিওলি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:52:01 am, Thursday, 26 June 2025
- 231 Time View
Tag :
Popular Post



























