ডেস্ক রিপোর্ট : ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যে ভয়াবহ সহিংসতায় থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত হয়েছে। এদিকে দেশটি তাদের নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। থাই সরকার আজ সোমবার এ কথা জানিয়েছে।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাঞ্চনা পাতারচোকে বলেন, ইসরায়েলে থাই দূতাবাস নিহতদের নিয়োগকর্তাদের কাছ থেকে তারা তাদের মৃত্যুর কথা জানতে পেরেছে।
তিনি আরও বলেন, শনিবার হামাস ব্যাপক আকারে হামলা চালালে এ যুদ্ধ শুরু হয়। এতে আরো ৮ থাই নাগরিক আহত এবং ১১ জন বন্দী হয়েছে।
ব্যাংককের শ্রম মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই শ্রমিক রয়েছে। তাদের মধ্যে অনেকেই কৃষি জমিতে কাজ করে।
শ্রমমন্ত্রী ফিফাত রাচাকিতপ্রাকর্ন বলেন, ইসরাইলি বাহিনী শ্রমিকদেরকে বিপজ্জনক অঞ্চল থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে।
থাই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে ফিফাত বলেন, ‘১ হাজার ৯৯ জন থাই নাগরিক ইসরায়েল থেকে দেশে ফেরার জন্য নিবন্ধন করেছে।’
তিনি আরও বলেন, ‘ফাইটিং জোনে আমাদের প্রায় ৫ হাজার কর্মী কাজ করছে।’
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েল-গাজা সংঘাতে ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর এ সংঘাত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামনে একটি ‘দীর্ঘ এবং কঠিন’ লড়াইয়ের সতর্কবার্তা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক 

























